২৯ রানের হার মুম্বাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আট উইকেটের বড় জয় দিয়ে আইপিএলের সূচনাটা ভালোভাবেই করেছিল মুম্বাই ইন্ডিয়ানস। কিন্তু আজ দ্বিতীয় ম্যাচে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে হোঁচট খেয়েছে তারা। জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইয়ের ইনিংস শেষ হয়েছে ১০০ রানে। জেমস ফ্রাঙ্কলিন, দিনেশ কার্তিক ও অধিনায়ক হরভজন সিং ছাড়া আর কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। মাত্র ১৭ রান দিয়ে চারটি উইকেট শিকার করেছেন অশোক ডিন্ডা।১৩০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারের মধ্যেই মাত্র ৫ রানে তিনটি উইকেট হারায় মুম্বাই ইন্ডিয়ানস। চতুর্থ উইকেটে ৪৯ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন জেমস ফ্রাঙ্কলিন ও দিনেশ কার্তিক। এই দুই ব্যাটসম্যানই করেছেন ৩২ রান। কিন্তু ১১তম ওভারে কার্তিক সাজঘরে ফেরার পর আর কোনো বড় জুটি গড়তে পারেননি মুম্বাইয়ের ব্যাটসম্যানরা। শেষ পর্যায়ে ১৫ বলে ১৬ রানের ইনিংস খেলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক হরভজন সিং। কিন্তু তা ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২৯ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় মুম্বাইকে।এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বাই অধিনায়ক হরভজন সিং। প্রথম চার ওভারের মধ্যেই দুই ওপেনার মনিশ পান্ডে ও সৌরভ গাঙ্গুলিকে সাজঘরে পাঠিয়ে শুরুটাও দারুণভাবে করেছিল তারা। এরপর রবিন উথাপার ৩৬ রান ও স্টিভেন স্মিথের ৩৯ রানের ইনিংস দুটির কল্যাণে সম্মানজনক একটা স্কোর গড়ে তোলে পুনে। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটসম্যান গড়েছিলেন ৩৮ বলে ৪৪ রানের জুটি। শেষ পর্যায়ে মুরালি-কার্তিকের ১৪ রানের সুবাদে পুনের স্কোর বোর্ডে জমা হয় ১২৯ রান।