২৯২২ দিন পর মেসির গোল!

আজই সেই দিন, তবে ফিরে যেতে হবে আট বছর আগে। ২০০৬ সালের ১৬ জুন। বিশ্বকাপের মঞ্চে পা রেখেছিলেন ১৯ বছর বয়সী এক ফরোয়ার্ড। অভিষেক ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেই নজরকাড়া এক গোল।
পরের আট বছরে অনেক কিছুই পাল্টেছে। সেই তরুণ নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। একের পর এক নতুন নতুন রেকর্ড গড়ে বিস্ময় ছড়িয়েছেন ফুটবল বিশ্বে। টানা চারবার জিতেছেন ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। কাঁধ বেয়ে নেমে আসা লম্বা চুল কেটেছেঁটে ফেলে সুবোধ বালকটি হয়েছেন। প্রেমিক থেকে জীবনসঙ্গী, সেখান থেকে হয়েছেন বাবাও। কিন্তু বিশ্বকাপে আরেকটি গোলের জন্য লিওনেল মেসিকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ আটটি বছর। দুটো গোলের মধ্যে ২ হাজার ৯২২ দিনের ব্যবধান!
এই আট বছরে মেসির পায়ে কম গোল আসেনি। এই সময়টায় কেবল বার্সেলোনার জার্সি গায়েই করেছেন ৩৩৯টি গোল। জাতীয় দলের হয়েও করেছেন ৩৬ গোল। পৌনে চার শ গোল! কিন্তু একটা গোলের কাছে বাকি সব গোলের উদযাপন যেন ম্লান হয়ে গেল। এই গোল যেন তাঁর কাছে আজন্ম আরাধ্য সাধনার ফল। মেসির ভেতর থেকে যেন বিস্ফোরণ ঘটল আগ্নেয়গিরির। উল্লাসে মত্ত মেসির আড়ালে দেখা মিলল এক কাতর মেসির। যে মেসি বলছেন, ‘অবশেষে তুমি এলে!’
২০০৬ সালের সেই গোলটির পর মেসি বিশ্বকাপে খেলেছেন আরও সাতটি ম্যাচ। ৬২৩ মিনিট। কিন্তু কোনো ম্যাচেই গোলের দেখা পাননি। অভিষেকের আট বছর পর ঠিক সেই ১৬ জুন তারিখেই (বাংলাদেশ সময়ে) মেসি করলেন বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোলটি। এমন বুনো উদযাপনে মেতে উঠতে খুব কমই দেখা গেছে আর্জেন্টাইন তারকাকে। করবেনই তো। গত বিশ্বকাপে, নিজের ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময়টায় কী চেষ্টাটাই না করেছেন। কিন্তু ভাগ্য পাশে ছিল না। গোলরক্ষকের দুর্দান্ত সেভ, ক্রসবার নয়তো পোস্টে লেগে ফিরে এসেছে বল। আগের বিশ্বকাপে একটা গোল বাতিল হয়েছে বিতর্কিত অফসাইডেও।
কাল ম্যাচ শেষে মেসি নিজেও বলেছেন, এই গোল তাঁর কাঁধ থেকে বোঝার পাহাড় নামিয়ে দিয়েছে, ‘দ্বিতীয় গোলটি ছিল আমাদের সবার জন্য অনেক বড় একটা স্বস্তির কারণ। কারণ ম্যাচটা কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। এটা আমার জন্যও স্পেশাল গোল, ম্যাচের শেষ দিকে গোল করাটাও দারুণ কিছু।’
তবে দলের খেলা মোটেও সন্তুষ্ট করতে পারেনি তাঁকে। সেটাই সবাইকে মনে করিয়ে দিয়েছেন মেসি, ‘জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমাদের আরও উন্নতি করতে হবে। প্রথম ম্যাচে সবাই খুব স্নায়ুচাপ আর উদ্বেগে ভোগে। কিন্তু আমরা দ্বিতীয়ার্ধে খুব ভালো খেলেছি। আর এটাই আমাদের ধরে রাখতে হবে।’
প্রথমার্ধের রক্ষণাত্মক কৌশলেরও বিপক্ষে তিনি। চান আক্রমণাত্মক ফুটবল। চান সমর্থকদের মুখের হাসিটা ধরে রাখতে। কাল তাঁর নাম ধরে গেয়েছে মারাকানার হাজারো দর্শক। এমন গান আরও শুনতে চান তিনি।
মেসির জাদুতে আর্জেন্টিনার গোল দেখুন থ্রিডিতে