খারাপ সময় থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না পাকিস্তান ক্রিকেট। স্পট ফিক্সিং কেলেঙ্কারি ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজেও পরাজয়ের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। গতকাল হেডিংলিতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান হেরে গেছে চার উইকেটে। অ্যান্ড্রু স্ট্রাউসের অনবদ্য শতক পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের জয়টা করে দিয়েছিল অনেকটাই সহজ।অথচ কালকের ম্যাচে ব্যাটসম্যানদের দৃঢ়তায় শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। টপ অর্ডার ব্যাটসম্যান কামরান আকমলের ৭৪, মোহাম্মদ হাফিজের ৪৩, মোহাম্মদ ইউসুফের ৪৬ ও নবাগত আসাদ শফিকের ৫০ রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৯৪ রান সংগ্রহ করে। মাত্র ৩৬ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ফেলায় সুন্দর সূচনার পরও পাকিস্তানের রান ৩০০-র ঘর ছুঁতে না পারার ব্যর্থতাটি ছিল চোখে পড়ার মতো।ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন ক্রিস ব্রড। কিছুটা খরুচে হলেও উইকেট প্রাপ্তির হিসাবে তিনি ছিলেন অন্য সব বোলারের চেয়ে এগিয়ে। ১০ ওভার বল করে ৮১ রানের খরচায় তিনি দখল করেন চার উইকেট।২৯৫ রান করার লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড সূচনাটি ভালোই করে। ৪৩ রানে প্রথম উইকেট হারালেও স্ট্রাউস ও ট্রটের কল্যাণে ইংল্যান্ড গড়ে তোলে ১৫৬ রানের বেশ বড়সড় একটি জুটি। ট্রট করেন ৫৩ রান। স্ট্রাউসের সংগ্রহ ছিল ১২৬ রান। দ্বিতীয় উইকেট জুটিতেই মূলত ট্রট আর স্ট্রাউস মিলে দেখিয়ে দেন ইংল্যান্ডের জয়ের পথ। বাকি ব্যাটসম্যানরা কেবল স্ট্রাউস ও ট্রটের দেখিয়ে দেওয়া পথে হেঁটে তুলে নেন অসাধারণ এক জয়। পাকিস্তানের পক্ষে সাঈদ আজমল দুটি, শোয়েব আকতার একটি ও শহীদ আফ্রিদি নেন একটি উইকেট। অনবদ্য শত রানে দলের বিজয় সুনিশ্চিত করায় অ্যান্ড্রু স্ট্রাউসের হাতেই ওঠে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান ২৯৪/৮ (৫০ ওভার)কামরান আকমল ৭৪, আসাদ শফিক ৫০ ও মোহাম্মদ ইউসুফ ৪৬ক্রিস ব্রড ৪/৮১ইংল্যান্ড ২৯৫/৬ (৪৯.৩ ওভার)স্ট্রাউস ১২৬, ট্রট ৫৩সাঈদ আজমল ২/৫২শোয়েব আকতার ১/৪৯শহীদ আফ্রিদি ১/৫৯(ইংল্যান্ড চার উইকেটে জয়ী)