ব্যাট হাতে ৩২ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস, বল হাতে ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট। অসাধারণ এই অলরাউন্ড পারফরমেন্সের পরও পুনে ওয়ারিয়র্সকে জেতাতে পারলেন না অধিনায়ক যুবরাজ সিং। দুর্দান্ত দলীয় পারফরমেন্সে ১৮৭ রান তাড়া করে ৪ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় তুলে নিয়েছে শেবাগের দিল্লি ডেয়ার ডেভিলস।টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির অধিনায়ক বীরেন্দর শেবাগ। ব্যাট করতে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করেন পুনে ওপেনার জেসি রাইডার। ৫টি চার ও ৫টি ছয়ে মাত্র ২৭ বলে তিনি করেন ৬০ রান। পরে যুবরাজ সিংয়ের ৩২ বলে ৬৬ রানের অধিনায়কোচিত ইনিংসে ভর করে পুনে স্কোর বোর্ডে জমা হয় ১৮৭ রান। দিল্লির পক্ষে ২টি করে উইকেট শিকার করেন অশোক ডিনডা ও শাহবাজ নাদিম।১৮৭ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিলেন দিল্লির দুই ওপেনার বীরেন্দর শেবাগ ও ডেভিড ওয়ার্নার। প্রথম ৭ ওভারেই ৭৫ রান সংগ্রহ করে ভালো ভিত্তি গড়ে দিয়েছিলেন এই দুই ব্যাটসম্যান। শেবাগ আউট হয়েছেন ২৩ বলে ৩৭ রানের ইনিংস খেলে। ওয়ার্নার রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরার আগে করেছিলেন ২৮ বলে ৪৬ রান। এরপর যুবরাজের দুর্দান্ত বোলিংয়ের সামনে খুব দ্রুতই ফিরে যান ইরফান পাঠান ও নামান ওঝা। শেষ পর্যন্ত বেনুগোপাল রাওয়ের ২০ বলে ৩১ ও অ্যারন ফিঞ্চের ১২ বলে ২৫ রানের লড়াকু ইনিংস দুটির সুবাদে অসাধারণ এক জয় তুলে নেয় দিল্লি।