৩ উইকেটের জয় দক্ষিণ আফ্রিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক জয় দিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ৪ ওভারেই ৩টি উইকেট হারালেও শেষ পর্যায়ে ওয়েন প্রানেল ও রাস্টি থেরনের লড়াকু ব্যাটিংয়ে ৫ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা।১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন অধিনায়ক হাশিম আমলা। দুই ওভার পরে দক্ষিণ আফ্রিকা সমর্থকদের হতাশায় ডুবিয়ে ফিরে যান কলিন ইনগ্রাম ও জেপি ডুমিনি। দলের চরম বিপর্যয় কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন জোহান বোথা। চতুর্থ ও পঞ্চম উইকেটে গ্রায়েম স্মিথ ও ডেভিড মিলারের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ডে যোগ করেছিলেন ৩০ ও ৩২ রান। এরপর দলীয় ৮৪ রানের মধ্যে একে একে স্মিথ, মিলার, বোথা ও হেইনো কুন সাজঘরের পথ ধরলে জয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সমর্থকেরা। কিন্তু অষ্টম উইকেটে ৬৪ রানের অসাধারণ এক জুটি গড়ে প্রায় হেরে যাওয়া ম্যাচটা জিতে নেন ওয়েন প্রানেল ও রাস্টি থেরন। মাত্র ৪.৩ ওভারে তাঁরা যোগ করেন এই ৬৪ রান। প্রানেল করেন ১১ বলে ২৯ রান। থেরন খেলেন ১৬ বলে ৩০ রানের এক ঝোড়ো ইনিংস।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে অসি অধিনায়ক ক্যামেরন হোয়াইট ও মিচেল মার্শের ঝোড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটের বিনিময়ে ১৪৭ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে সফরকারী অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নিয়েছিলেন মরকেল। পঞ্চম ওভারে ততসোবে আরেক ওপেনার ম্যাথু ওয়াডের উইকেটও তুলে নিয়ে কিছুটা চাপের মুখে ফেলে দেন অসিদের। তৃতীয় উইকেটে ৩৩ রান যোগ করেন শন মার্শ ও ডেভিড হাসি। এরপর কেউই খুব বড় পার্টনারশিপ গড়তে না পারলেও ছোট ছোট ইনিংস দিয়ে স্কোরবোর্ডে রান সংগ্রহ করতে থাকেন ক্যামেরন হোয়াইট ও মিচেল মার্শরা। রানআউট হয়ে সাজঘরে ফেরার আগে হোয়াইটের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৩৯ রান। ইনিংসের শেষ বলে মরকেলের শিকারে পরিণত হওয়ার আগে মার্শ খেলেন ২১ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস।