প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্ক গিলেস্পি পেয়েছিলেন প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে ভারনন ফিল্যান্ডার। কাল ওয়েলিংটন টেস্টের চতুর্থ ইনিংসে ৬ উইকেট পেলেন মরনে মরকেল। ১৫ বছর পর একই টেস্টে তিন বোলারের ইনিংসে ৬ উইকেট দেখল টেস্ট ক্রিকেট, সব মিলিয়ে মাত্র দশমবার। সর্বশেষ ছিল ১৯৯৭ অ্যাশেজের ওভাল টেস্টে। ওই ম্যাচটি আবার অনন্য হয়ে আছে আরেকটা দিক থেকে। ৬ উইকেট নয়, ফিল টাফনেল, গ্লেন ম্যাকগ্র্রা ও মাইকেল ক্যাসপ্রোভিচ পেয়েছিলেন ইনিংসে ৭ উইকেট করে। একই টেস্টে তিন বোলারের ৭ উইকেট পাওয়ার ঘটনা এই একটিই। ১৮৯৬ অ্যাশেজের ওভাল টেস্ট আবার অনন্য হয়ে আছে আরেকটা কারণে। ওই টেস্টের প্রতি ইনিংসেই কোনো না কোনো বোলারের ৬ উইকেট ছিল—অস্ট্রেলিয়ার হিউ ট্রাম্বল দুই ইনিংসেই, আর ইংল্যান্ডের ববি পিল ও জ্যাক হিয়ার্নি।