৩ রানে অলআউট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইরালের ‘ঐতিহাসিক’ স্কোর কার্ড।
উইরালের ‘ঐতিহাসিক’ স্কোর কার্ড।

এ সংবাদের পরতে পরতে বিস্ময়। চরম বিস্ময়কর খবরটির জন্ম দিয়েছে ইংল্যান্ডের উইরাল ক্রিকেট ক্লাব। চেশায়ার লিগ তৃতীয় বিভাগের ম্যাচে হাসলিংটনের দেওয়া ১০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩ রানে অলআউট হয়েছে উইরাল ক্রিকেট ক্লাব!
উইরালের প্রথম ১০ ব্যাটসম্যানই প্যাভিলিয়নে ফিরেছেন ‘ডাক’ মেরে! সর্বোচ্চ ১ রান এসেছে ১১ নম্বর ব্যাটসম্যান হবসনের ব্যাট থেকে। তিনি অবশ্য অপরাজিত ছিলেন। উইরালের বাকি ২ রান এসেছে লেগবাই থেকে। উইরালের চূড়ান্ত সর্বনাশ করেছেন হাসলিংটনের দুই বোলার বেন ইস্টেড ও টম গ্লেডহিল। ইস্টেড নিয়েছেন ৬টি আর হিল পেয়েছেন ৪ উইকেট। এ ঘটনার (নাকি দুর্ঘটনা?) পর উইরাল ক্রিকেট ক্লাব টুইট করেছে, ‘আজ প্রথম একাদশ ১০৫ রানে হেরেছে...দুঃখজনকভাবে প্রতিপক্ষ করেছিল কেবল ১০৮!’
ভাবছেন, পাড়ার ক্রিকেটেও কোনো দল ৩ রানে অলআউট হয় নাকি! যখন জানবেন, ইংলিশ ক্লাব ক্রিকেটে শূন্য রানে অলআউট হওয়ার রেকর্ডও রয়েছে, তখন হয়তো উইরালের প্রতি একটু হলেও ‘সমবেদনা’ জাগবে! ১৯১৩ সালে সমারসেট ক্লাব ল্যাঙ্গপোর্ট শূন্য রানে অলআউট হয়েছিল গ্ল্যাসটনবারির বিপক্ষে।
নশ্বর এ দুনিয়ার কোনো কিছুতেই নিশ্চয়তা দেওয়ার উপায় নেই। গিনেস বইয়ে ঠাঁই নেওয়া ল্যাঙ্গপোর্টের রেকর্ড কোনো দলের পক্ষেই ভাঙা সম্ভব নয়, এ নিশ্চয়তা তো দেওয়াই যায়। তবে হ্যাঁ, ওই রেকর্ডে কেবল ভাগ বসানোর সুযোগ আছে, কিছুতেই ভাঙার নয়! এএফপি, ওয়েবসাইট।