৩ রানে অলআউট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শূন্য রানে অলআউটও তো দেখেছে ক্রিকেট
শূন্য রানে অলআউটও তো দেখেছে ক্রিকেট

১১ নম্বর মানে দলের সবচেয়ে বাজে ব্যাটসম্যান। সেই তিনিই করেছেন সবচেয়ে বেশি রান। সর্বোচ্চ স্কোরার বলাটা অবশ্য খানিকটা বাড়াবাড়ি হতে পারে, দলের একমাত্র স্কোরারও যে তিনিই! প্রথম ১০ ব্যাটসম্যানের নামের পাশেই শূন্য! শেষ ব্যাটসম্যান কনর হবসন একটি রান করে মান বাঁচিয়েছেন (!) দলের। লেগবাই থেকে এসেছে মহামূল্য আরও দুটি রান। সব মিলিয়ে ‘গ্র্যান্ড টোটাল’ ৩!
ক্লাব ক্রিকেটে অনেক সময়ই অভাবনীয় অনেক কিছু হয়ে যায়। কিন্তু উত্তর-পশ্চিম ইংল্যান্ডে ওয়েলসের সীমানাঘেঁষা কাউন্টি চেশায়ারের একটি ক্লাব অনেকের কল্পনার পরিধিরও পরীক্ষা নিয়ে ফেলেছে। চেশায়ার তৃতীয় বিভাগ লিগে গত পরশু হ্যাসলিংটনের বিপক্ষে উইরাল ক্লাব অলআউট হয়েছে ৩ রানে! ভাবছেন, পাড়া-মহল্লা বা গলির ক্রিকেটেও এমন কিছুর দেখা পাওয়া ভার। চাইলেও তো ৩ রানে অলআউট হওয়া কঠিন! তবে জেনে রাখুন, ইংল্যান্ডেই ক্লাব ক্রিকেটে শূন্য রানে অলআউট হওয়ার নজির আছে। ১৯১৩ সালে সমারসেট লিগে গ্লাস্টনবুরির বিপক্ষে ওই অসম্ভবকে সম্ভব করেছিল ল্যাংপোর্ট ক্লাব।
সেই সম্ভাবনাও (উইরালের জন্য শঙ্কা) দেখা দিয়েছিল। ৬ ওভার শেষে উইরালের রান ছিল ০/৮! নবম উইকেটে লেগবাই থেকে মেলে একটি রান। শেষ উইকেটে হয়েছে ২ রানের সবচেয়ে বড় জুটিটি। হবসনের এক রানে স্বস্তি নেমে আসে উইরালের ড্রেসিংরুমে। ৯.২ ওভারে অলআউট ৩ রানে। রান দিয়েছেন শুধুই বেন ইসটিড নামে এক ‘দুর্ভাগা’ বোলার। ৫ ওভার বোলিং করে ৬ উইকেট নিয়েছেন, তবে ওই ১ রান দেওয়ার হতাশাটাও কম থাকার কথা নয়। নতুন বলের সঙ্গী টম গ্লেডহিল ৪ উইকেট নিয়েছেন শূন্য রানে। আগে ব্যাট করে ১০৮ রানে অলআউট হয়ে হারের শঙ্কায় থাকা হ্যাসলিংটন ম্যাচ জিতেছে ১০৫ রানের বিশাল ব্যবধানে।
প্রসঙ্গক্রমে জানানো যায়, প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে কম রানের রেকর্ড ৬, লিস্ট ‘এ’ ম্যাচে ১৮ ও টি-টোয়েন্টিতে ৩০। টেস্টে সবচেয়ে কম রানের রেকর্ড নিউজিল্যান্ডের ২৬, ওয়ানডেতে জিম্বাবুয়ের ৩৫, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হল্যান্ডের ৩৯।
৩ রানে অলআউট হওয়ার পর টুইটারে ‘উই নিড সাপোর্ট’ হ্যাশটাগে মাইকেল ভন, অ্যান্ড্রু ফ্লিনটফ, ডেভিড লয়েডদের কাছে ‘ফিউ আওয়ার্স অব কোচিং’ প্রার্থনা করেছে উইরাল। ৩ রানের কীর্তি ক্রিকেটে দারুণ (কু)খ্যাতি এনে দিয়েছে ক্লাবটিকে, দুই দিন ধরে আলোচনায় তারা ক্রিকেট-বিশ্বজুড়ে। কাল তো বিবিসি রেডিও সাক্ষাৎকারও নিয়েছে ক্লাবের খেলোয়াড়দের! এএফপি, ওয়েবসাইট।