৩ সেকেন্ডের দুঃখগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়ন হতে না পারলেও সবার মন জিতেছে বাংলাদেশ যুব হকি দল। কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে ফাইনাল শেষে আশরাফুলরা দিচ্ছেন দর্শকদের অভিবাদনের জবাব। ইনসেটে চ্যাম্পিয়ন ভারত অনূর্ধ্ব-১৮ দল l প্রথম আলো
চ্যাম্পিয়ন হতে না পারলেও সবার মন জিতেছে বাংলাদেশ যুব হকি দল। কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে ফাইনাল শেষে আশরাফুলরা দিচ্ছেন দর্শকদের অভিবাদনের জবাব। ইনসেটে চ্যাম্পিয়ন ভারত অনূর্ধ্ব-১৮ দল l প্রথম আলো

মাত্র তিনটি সেকেন্ড। একনিশ্বাসেই ফুরিয়ে যায়! জীবন থেকে এমন কত কত সেকেন্ড হারিয়ে যায় কালের গর্ভে। কিন্তু এই ৩ সেকেন্ডই আবার হতে পারে অনন্ত আক্ষেপের গল্প। কাল বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামে দাঁড়িয়ে ঠিক এই উপলব্ধিই হচ্ছিল হাজার দর্শকের।
আর যাঁরা এতক্ষণ রুদ্ধশ্বাস লড়ছিলেন, অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির ফাইনালে প্রথম উঠেই শিরোপার ঘ্রাণ পাচ্ছিলেন, সেই মাঠের লড়াকু একদল তরুণের কী অবস্থা তখন? কেউ কাঁদছেন। কেউ ফ্যাল ফ্যাল করে আকাশের দিকে তাকিয়ে।
নির্ধারিত ৭০ মিনিট শেষ হতে যখন ঘড়ির কাঁটা টিক টিক করে শূন্যের দিকে যাচ্ছে, স্কোরলাইন ৪-৪। ঠিক তখনই, মাত্র ৩ সেকেন্ড আগে ভারতের পঞ্চম গোলটা হতেই শেষ বাঁশি এবং বাংলাদেশ যুবারা শুয়ে পড়লেন টার্ফে। তাঁদের শরীর যেন ‘মৃত’। মৃত স্বপ্নের কফিন কাঁধে নিয়েই তাঁরা বেরোলেন মাঠ থেকে।
যাঁর স্টিক বাংলাদেশ দলকে ফাইনালে তুলতে বড় অবদান রেখেছিল, সেই পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুলের মুখটা বেদনার্ত। ভিড়ের মধ্যে কথাই বলতে পারছিলেন না। শুধু বলতে পারলেন, ‘ভীষণ কষ্ট পাচ্ছি। ভাবিনি এতটা কষ্ট নিয়ে আজ মাঠ ছাড়ব।’
ভারতকে ৫-৪ গোলে হারিয়ে যে টুর্নামেন্ট শুরু, ওমানকে ১০-০ গোলে ভাসিয়ে সেমিফাইনাল। সেমিফাইনালে তাইপেকে ৬-১-এ উড়িয়ে তুলে ফাইনালেও শুরুটা দারুণ। প্রথম দুবার এগিয়ে যায় বাংলাদেশই। দুবারই ম্যাচে ফিরে ভারত দুবার এগিয়েও যায়। বাংলাদেশ দুবারই ম্যাচে ফিরে স্কোরলাইন করে ৪-৪।
শেষ পর্যন্ত জয় ছিনিয়ে ভারতীয় দলের সে কী আনন্দ! যুব এশিয়া কাপের দ্বিতীয় শিরোপা জয়ের ফাঁকেই অধিনায়ক নীলম সন্দীপ বলছিলেন, ‘আমরা শেষ ক্ষণ পর্যন্ত মানসিকভাবে শক্ত ছিলাম। এটাই আসলে আমাদের জিততে সহায়তা করেছে। এ ধরনের পরিস্থিতিতে আপনার স্নায়ুটাকে ধরে রাখতে হবে।’
২০ মিনিটে নিজেদের প্রথম পেনাল্টি কর্নারে বাংলাদেশকে এগিয়ে নিয়েছিলেন অধিনায়ক রোমান সরকার। পরের মিনিটেই দারুণ স্টিক ওয়ার্কে ভারতকে ম্যাচে ফেরান শিবম আনন্দ। বিরতির ঠিক আগে মহসিনের স্টিকের ছোঁয়ায় বাংলাদেশ করল ২-১। কিন্তু ৪৩ মিনিটে নিজেদের তৃতীয় পেনাল্টি কর্নারে হার্দিক সিং করে দিলেন ২-২।
কিছুটা প্রাধান্য ধরে রেখে ৫০ মিনিটে কনজেংবামের আলতো টোকায় ভারত এগিয়ে যায় (৩-২)। ৫৯ মিনিটে নিজেদের তৃতীয় পেনাল্টি কর্নারে আশরাফুল করে দিলেন ৩-৩। কিন্তু ৬২ মিনিটে জটলার মধ্যে কনজেংবামের স্টিকে ৪-৩। ম্যাচটা যেন রোমাঞ্চের পসরা সাজিয়েছে আরও। ৬৪ মিনিটে মাহবুব করলেন ৪-৪।
কিন্তু শেষ বাঁশির ২৫ সেকেন্ড আগে চোট পান ওই মাহবুব। ফের খেলা শুরুর পর বাংলাদেশ দলের লেফটব্যাক নাইম ছিলেন মাঠের বাইরে। তাঁর প্রান্ত দিয়েই বাংলাদেশের বক্সে লম্বা বল ফেলে চোখের পলকে আশরাফুলদের হৃদয়ভাঙা গোলটা করলেন অভিষেক। বাংলাদেশ ওই সময় রক্ষণ করেছে অনেক নিচে নেমে। ডিফেন্ডাররা আরেকটু ওপরে থাকলে হয়তো বল বক্সে বল যেতই না। টাইব্রেকারে ম্যাচ গড়ালে জিততেও পারত বাংলাদেশ।
এমন বিশ্বাস বাংলাদেশ দলের কোচ কাম ম্যানেজার কাওসার আলীরও। তবে আক্ষেপ করতে করতেই ছেলেদের পিঠ চাপড়ে দিলেন, ‘আসলে আমরা খেলায় হারিনি। হেরেছি ভাগ্যের কাছে। আমি বলব দারুণ খেলেছে ছেলেরা।’
বাংলাদেশ যুব দলের ছেলেরা আসলে হারেননি। বরং সবার মন জিতেছেন। তারই প্রতিদান ফেডারেশন কর্মকর্তা শফিউল্লাহ আল মুনীরের গোটা দলকে ৫ লাখ টাকা পুরস্কার।
এক নজরে
টুর্নামেন্ট-সেরা
রোমান সরকার
(অধিনায়ক, বাংলাদেশ)
সর্বোচ্চ গোলদাতা
আশরাফুল ইসলাম
(বাংলাদেশ, ১২ গোল)
সেরা উদীয়মান
মনজুর জুনায়েদ
(অধিনায়ক, পাকিস্তান)
সেরা গোলকিপার
রজক কুমার
(ভারত)