৩-০ গোলের জয় শেখ রাসেলের
১০ জনের দল নিয়েও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। দুটি গোল এসেছে আনোয়ার হোসেনের পা থেকে। একটি গোল করেছেন বুকুলা। এই জয়ের ফলে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ নম্বর অবস্থানে আছে শেখ রাসেল।প্রথমার্ধের নয় মিনিটের মাথায় ফরাশগঞ্জের জালে প্রথমবারের মতো বল জড়ান আনোয়ার হোসেন। ২৫ মিনিট পরে শেখ রাসেলকে দ্বিতীয় গোলটি এনে দেন বুকুলা। এই গোলেও অবদান ছিল আনোয়ারের। ৩৫ মিনিটের মাথায় দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন শেখ রাসেলের আর্নেস্ট এমোকো। তবে ১০ জনের দলে পরিণত হলেও দুই গোলে এগিয়ে থাকায় জয় পেতে খুব বেশি অসুবিধা হয়নি শেখ রাসেল ক্রীড়াচক্রের। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন আনোয়ার।লীগে ৯ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মুক্তিযোদ্ধা সংসদ। অন্যদিকে ৮ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। পয়েন্ট ব্যবধানে অনেকখানি পিছিয়ে থাকলেও শিরোপা জয়ের আশা এখনো ছেড়ে দেননি শেখ রাসেলের কোচ মারুফুল হক। ম্যাচ শেষে তিনি প্রথম আলো অনলাইনকে বলেছেন, ‘আমাদের ক্ষীণ সম্ভাবনা আছে। তবে এরপর আমাদের প্রতিটা ম্যাচেই জিততে হবে।’ শেষ পর্যন্ত যে কাজটা খুবই কঠিন, সেটাও অবশ্য স্বীকার করেছেন তিনি।