৩-২ গোলের জয় ম্যানচেস্টার ইউনাইটেডের
ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমটা হার দিয়েই শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু দ্বিতীয় ম্যাচে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে রেড ডেভিলরা। আজ ফুলহ্যামের বিপক্ষে তারা জিতেছে ৩-২ গোলের ব্যবধানে। গোলের দেখা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন দুই স্ট্রাইকার রবিন ভন পার্সি ও সিনজি কাগাওয়া।ফুলহ্যামের বিপক্ষে আজকের ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। মাত্র তিন মিনিটের মাথায় গোল করে ফুলহ্যামকে এগিয়ে দিয়েছিলেন ডামিয়েন ডাফ। তবে খুব বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ফার্গুসনের শিষ্যদের। ১০ মিনিটের মাথায় ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে প্রথম গোলটি করে খেলায় সমতা ফেরান ডাচ স্ট্রাইকার রবিন ভন পার্সি। ৩৫ মিনিটে ম্যানইউকে চালকের আসনে বসান আরেক নতুন স্ট্রাইকার সিনজি কাগাওয়া। কর্নার থেকে ফাঁকায় বল পেয়ে চমত্কারভাবে জালে বল জড়িয়ে দেন এই জাপানি স্ট্রাইকার। ৪১ মিনিটে অ্যাশলে ইয়ংয়ের ক্রস থেকে ম্যানইউকে আরও একটি গোল এনে দেন ডিফেন্ডার রাফায়েল। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রেড ডেভিলরা। ৬৪ মিনিটে দুর্ভাগ্যের ফেরে একটি আত্মঘাতী গোল করে ব্যবধানটা কমিয়ে ফেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার নেরমানজা ভিডিক। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে কাগাওয়ার বদলি হিসেবে মাঠে নামেন নিয়মিত স্ট্রাইকার ওয়েইন রুনি। তবে আজকের ম্যাচে কোনো গোলের দেখা পাননি এই তারকা স্ট্রাইকার। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন ফার্গুসনের শিষ্যরা।