৩০ জনের ২০ জনই নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে দলের প্রথম একাদশ নির্বাচনের একটা সুযোগ জোয়াকিম লো পেয়ে যাবেন টুর্নামেন্ট শুরুর আগে জার্মানির তিনটি প্রস্তুতি ম্যাচে। যার প্রথমটি আজ, প্রতিবেশী পোল্যান্ডের বিপক্ষে। হামবুর্গের এই ম্যাচে অবশ্য বিশ্বকাপের ৩০ সদস্যের প্রাথমিক দলে থাকা সবাইকে পাচ্ছেন না জার্মানি কোচ । ক্লাবের খেলা থাকায় প্রাথমিক দলের মাত্র ১০ জনকে রাখা হয়েছে এই ম্যাচের দলে। আগামী শনিবার জার্মান কাপের ফাইনাল থাকায় বায়ার্নের ৭ এবং ডর্টমুন্ডের ৬ খেলোয়াড় দলের বাইরে। রেলিগেশন প্লে-অফ খেলতে হওয়ায় ডাকা হয়নি হামবুর্গের মার্শেল ইয়ানসেনকেও। প্রাথমিক দলে থাকা আরও যে ছয়জন খেলোয়াড় পোল্যান্ডের সঙ্গে খেলছেন না, জার্মানির বাইরে বিভিন্ন লিগে ক্লাব নিয়ে ব্যস্ত তাঁরা। তবে এতে হতাশ হচ্ছেন না লো। উল্টো এটাকে দেখছেন তরুণদের নিজেদের মেলে ধরার সুযোগ হিসেবে। এএফপি৷