৩০০ করলেন ক্রিস গেইল
গল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম বলেই ক্রিস গেইলের বিপক্ষে বেশ জোরালো এলবিডব্লিউর আবেদন করেছিলেন শ্রীলঙ্কান খেলোয়াড়েরা। কিন্তু সে আবেদন ধোপে টেকেনি। এরপর আর কোনো সুযোগ পাননি লঙ্কানরা। প্রথম দিনের মতো আজও ক্রিজে তাঁর রাজত্ব চালিয়ে যাচ্ছেন গেইল। শ্রীলঙ্কান বোলারদের হতাশায় পুড়িয়ে দ্বিতীয় সেশনে পূর্ণ করেছেন ক্যারিয়ারের দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি। টেস্ট ক্রিকেট ইতিহাসের অষ্টম ব্যাটসম্যান হিসেবে নিজ দেশের বাইরে এই ৩০০ রান করার কৃতিত্ব অর্জন করলেন গেইল। গতকাল ২১৯ রান নিয়ে দিন শেষ করার পর বলেছিলেন, তাঁর লক্ষ্য নিজের সর্বোচ্চ ৩১৭ রানটা ছাড়িয়ে যাওয়া। আর এখনো যেভাবে খেলে যাচ্ছেন তিনি, তাতে সেটা শুধু সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে।আজ গল টেস্টের দ্বিতীয় দিনে একে একে তিনটি রেকর্ড ভেঙেছেন গেইল। প্রথমে ২২১ রান করে ছুঁয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান হিসেবে ব্রায়ান লারার করা সর্বোচ্চ রানের ইনিংসটি। এরপর নাম লিখিয়েছেন রোহান কানহাইয়ের পাশে। কলকাতায় ভারতের বিপক্ষে কানহাইয়ের করা ২৫৬ রানের ইনিংসটিই ছিল উপমহাদেশে কোনো ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর। এরপর ২৯১ রান করে পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ভিভ রিচার্ডসকে। ১৯৭৬ সালে ওভালে রিচার্ডসের করা ২৯১ রানই ছিল দেশের বাইরে কোনো উইন্ডিজ ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। দিন শেষে গেইল হয়তো আরও কয়েকটি রেকর্ড আনবেন নিজের অধীনে। ক্রিকইনফো।