৩০০ হলো না ফরহাদ রেজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরহাদ রেজা
ফরহাদ রেজা

ক্যারিয়ারসেরা ইনিংস খেলেই প্রথম দিন শেষ করেছিলেন ফরহাদ রেজা। অপরাজিত ছিলেন ১৮২ রানে। আজ দ্বিতীয় দিনে ক্যারিয়ারের প্রথম দ্বিশতকটিও তুলে নিয়েছিলেন দ্রুতই। এগিয়ে যাচ্ছিলেন ট্রিপল সেঞ্চুরির দিকেও। কিন্তু শেষ পর্যন্ত সেই মাইলফলক স্পর্শ করতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। দারুণ ইনিংসটা শেষ হয়েছে ২৫৯ রানে।
প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসের তালিকায় ফরহাদ জায়গা করে নিয়েছেন পঞ্চম স্থানে। তাঁর আগে আছেন মোহাম্মদ আশরাফুল (২৬৩), শামসুর রহমান (২৬৭), মার্শাল আইয়ুব (২৮৯) ও রকিবুল হাসান (৩১৩)।
৭৭ রানেই সাত উইকেট হারিয়ে কোনো দল যে ৬৭৫ রানের পাহাড় গড়তে পারে, সেটা বিশ্বাস করাও কঠিন। কিন্তু জাতীয় লিগে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে সেই কাজটাই করেছে রাজশাহী বিভাগ। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের পর যেন রান সংগ্রহের নেশায় পেয়ে বসেছিল ফরহাদ, সানজামুল ইসলাম ও মুক্তাদির আলীকে। সপ্তম উইকেটে ৩৪৭ রানের রেকর্ড জুটি গড়েছিলেন ফরহাদ ও সানজামুল। গতকাল প্রথম দিনের শেষভাগে এই জুটি ভাঙতে পেরেছিলেন চট্টগ্রামের ডানহাতি স্পিনার আলী আকবর। কিন্তু আজ দ্বিতীয় দিনে আবারও প্রতিপক্ষের বোলারদের হতাশায় ডুবিয়েছেন ফরহাদ ও মুক্তাদির। অষ্টম উইকেটে তাঁরা যোগ করেছেন আরও ২২৪ রান। দলীয় ৬৪৮ রানের মাথায় ফরহাদ আউট হওয়ার পর যেন মনোসংযোগ হারিয়ে ফেলেছিলেন মুক্তাদির। কয়েক ওভার পরে তিনি আউট হয়েছেন ১৪৮ বলে ১৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলে। দুটি উইকেটই নিয়েছেন আকবর। মুক্তাদির আউট হওয়ার পরপরই ইনিংস সমাপ্তির ঘোষণা দিয়েছেন রাজশাহীর অধিনায়ক মুশফিকুর রহিম। ততক্ষণে স্কোরবোর্ডে জমা হয়েছে ৬৭৫ রান।
জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে চট্টগ্রাম। প্রথম পাঁচ ওভারের মধ্যে ১১ রান সংগ্রহ করতেই হারিয়েছে চারটি উইকেট। সাজঘরে ফিরেছেন নাফিস ইকবাল, মুমিনুল হক ও মাহবুবুল করিম ও তামিম ইকবাল। চারটির মধ্যে তিনটি উইকেটই গেছে মুক্তাদিরের ঝুলিতে।