৩০৯ রানে পিছিয়ে ভারত
শচীন টেন্ডুলকার অপরাজিত আছেন ৬৭ রানে। ভিভিএস লক্ষ্মণ তাঁকে সঙ্গ দিচ্ছেন ৩২ রান নিয়ে। টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরি হাতছানি দিচ্ছে। কিন্তু তৃতীয় দিন শেষে ভারতের ৩০৯ রানে পিছিয়ে থাকাটাই এই মুহূর্তে মুখ্য হয়ে উঠেছে মুম্বাই টেস্টে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের এই উইকেটে দুই দলের প্রায় সব ব্যাটসম্যানই রান পেয়েছেন। সেদিক দিয়ে হিসাব করলে এই পিছিয়ে থাকাটা ভারতের জন্য খুব একটা শঙ্কা হয়ে দেখা দিচ্ছে না।আজ সকালেই ৫৯০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগের কল্যাণে শুরুটা ভালোই হয় ভারতের। দলীয় ৬৭ রানে আউট হন শেবাগ। ড্যারেন স্যামির বলে শেবাগ বোল্ড হলে ক্যারিবীয়রা উজ্জীবিত হয়ে ওঠে। কিন্তু অভিজ্ঞ দ্রাবিড় ও গম্ভীর সেই ধাক্কা সামাল দেন দারুণভাবে। তবে ১৩৮ রানে গম্ভীর ব্যক্তিগত ৫৫ রানে রবি রামপালের বলে উইকেটরক্ষক বাফের হাতে ধরা পড়েন।এরপর রাহুল দ্রাবিড় ও টেন্ডুলকারের মধ্যে গড়ে ওঠে জুটি। রাহুল দ্রাবিড় ফিরে যান ৮২ রানে। তবে টেন্ডুলকার ও লক্ষ্মণ মিলে দিনটাকে সুন্দর করেই শেষ করেন।কাল মুম্বাইয়ে ভোর হবে শচীন টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরির স্বপ্ন চোখে নিয়ে। আর যে মাত্র ৩৩ বাকি ! সূত্র: রয়টার্স