৩১ গোল করে নিজেরাই অবাক জিমি-চয়নরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের বন্যায় ভাসিয়েছেন জিমিরা। ফাইল ছবি
গোলের বন্যায় ভাসিয়েছেন জিমিরা। ফাইল ছবি

মওলানা ভাসানী হকি স্টেডিয়াম। নৌবাহিনী-গাজীপুর ম্যাচ শেষ হয়েছে মাত্রই। বৃহস্পতিবার জাতীয় হকির প্রথম দিনে দুই অসম দলের ম্যাচটা শেষে স্কোরবোর্ডে ফুটে উঠেছে ৩১ গোল! গাজীপুর জেলা দলের পোস্টে এই গোলবন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী (৩১-০)! 

ধারে-ভারে অনেক এগিয়ে থাকা নৌবাহিনীর সহজেই জেতার কথা। সার্ভিসেস এই দলের হয়ে যে স্টিক হাতে মাঠে নামেন দেশের শীর্ষ খেলোয়াড়েরা। দেশ সেরা স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি কিংবা দেশ সেরা ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন-আশরাফুল ইসলামরা এই দলেরই সদস্য। জাতীয় দলের খেলোয়াড়ে সমৃদ্ধ নৌবাহিনীর জয়ে তাই এতটুকু অবাক হওয়ার কিছু নেই।
কিন্তু ৩১ গোল? বিস্ময়কর তো বটেই। হকি মাঠে মুড়ি-মুড়কির মতো গোল হয় এটা ঠিক। তবে গড়ে প্রতি ২ মিনিটে প্রায় একটি করে গোল বলছে, মাঠে একদল ইচ্ছামতো খেলেছে, প্রতিপক্ষ বলে কিছু ছিল না। বল নিচ্ছে বক্সে, আর গোল। এমন প্রতিপক্ষকে গোলের মালা পরিয়ে নৌবাহিনীর খেলোয়াড়েরাও যেন একটু অবাক।
ঘরোয়া হকিতে দুর্বল দলের বিপক্ষে ২০-২২ গোল করার অভিজ্ঞতা শক্তিশালী দলগুলোর আছে। কিন্তু জিমি-চয়নদের আগে ঘরোয়া হকিকে কোনো দল এত বেশি গোল করতে পেরেছে কি না গবেষণার বিষয়। খুব সম্ভবত ঘরোয়া হকিতে এটি সর্বোচ্চ গোলের রেকর্ড।

কিন্তু রেকর্ড গড়ার আনন্দ নেই জিমি-চয়নদের মনে। বরং প্রতিপক্ষের প্রতি সহানুভূতিই বেশি দেখাচ্ছেন জিমি ‘গাজীপুরের জন্য অবশ্যই আমাদের খারাপ লাগছে। আমরা শুধু কোচের পরিকল্পনা মেনেই খেলেছি। কোচ মাহবুব হারুন ভাই বলেছিলেন, গোল হোক না হোক তোমরা স্বাভাবিক খেলাটাই খেলবা। বিকেএসপি, সেনাবাহিনীসহ শক্তিশালী দলের সঙ্গে যেভাবে খেল ঠিক সেভাবেই।’
কোচের কথা মেনে নিজেদের খেলাটা খেলেই এমন গোল বন্যা। মাঠে খেলতে নেমে প্রতিপক্ষকে মায়া দেখালে কি চলে! চয়ন হেসে বলেন, ‘আমরা পেশাদার খেলোয়াড়। কোচ যা চান সেটা তো করতে হয়।’
ম্যাচ শেষে চয়ন অনেকক্ষণ নাকি স্কোরবোর্ডের দিকে তাকিয়ে ছিলেন, ‘ভাবিনি এত বেশি গোল হয়ে যাবে।’ ফিল্ড গোলই বেশি। কারণ বক্সে পায়ে লাগার আগেই গোলে বিনা প্রতিরোধে হিট করার সুযোগ পেয়ে যান নৌবাহিনীর খেলোয়াড়েরা। পেনাল্টি কর্নার তাই কম হয়েছে। হ্যাটট্রিক ৪টি। রিমন ৫, চয়ন ৪, কৌশিক ও কৃষ্ণ ৩টি করে গোল। ৩ গোল করেছেন আশরাফুল, ইমরান, জিমিরাও, তবে টানা গোল করতে না পারায় হ্যাটট্রিক হয়নি।
একের পর এক গোল হচ্ছে, গোলের হিসাব কি রাখছিলেন? চয়নের কথা,‘ না, না, আমরা কোনো হিসাবই রাখিনি। শুধু ভাবছিলাম যেভাবে খেলছি সেভাবেই খেলে যাই।’
খেলার মাঠে অনেক সময়ই দুর্বল প্রতিপক্ষ পড়ে যায় সামনে, সেদিন শুধু মন খুলে খেলা। তেমন আরেকটি ম্যাচের কথা খুব মনে পড়ছে চয়নের, ‘অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক চ্যালেঞ্জ কাপে আফগানিস্তানকে আমরা বাগে পেয়ে গোলে ভাসিয়ে দিই। সম্ভবত ২৯ বা ৩০ গোল করেছি, ঠিক মনে মনে নেই। সেই আফগানিস্তানের মতোই মনে হয়েছে গাজীপুরকে।’
গাজীপুর সেভাবে হকি খেলে না। যুব পর্যায়ে টুকটাক খেললেও জাতীয় স্তরে নতুন। এবার তো খেলতে এসেছে প্রস্তুতি ছাড়াই। এই খেলোয়াড়দের হকি জ্ঞানটা খারাপ নয়। তবে প্রস্তুতি ভালো হলে এত গোল হজম করত না। গাজীপুর শুধু নয়, অনেক জেলাই প্রস্তুতি ছাড়া ঢাকায় এসেছে জাতীয় প্রতিযোগিতায় খেলতে। জিমি-চয়নদের কাছ থেকে দেখা বা তাঁদের সঙ্গে কথা বলাই নাকি তাদের কাছে বেশি আনন্দের, যেমনটা হয়েছে গাজীপুরে খেলোয়াড়দের। চয়নকে তাঁরা নাকি বলেছেন, ‘বেশি গোল হোক সমস্যা নেই ভাই। আপনাদের সঙ্গে খেলতে পেরেছি এটাই বড়।’
কিন্তু এই ম্যাচ চোখ খুলে দিয়েছে সবার। ঢাকার বাইরে হকির চর্চা নেই, সেটা আবার বোঝা গেল। এই ৩১ গোল শুধুই একটি সংখ্যা নয়, ঢাকার বাইরে হকির দুরবস্থারই নীরব ঘোষণাও।