৩১ বছরে এত বাজে সময় কাটায়নি ইউনাইটেড
গতকাল ইউরোপা লিগে সেভিয়ার মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তারকাখ্যাতিতে বহু এগিয়ে থাকলেও ইউরোপায় সেভিয়ার সঙ্গে পারেনি ইউনাইটেড। ২-১ গোলে হেরে গেছে। এই হারে এ নিয়ে এই মৌসুমে তিনটি সেমিফাইনাল হারল ওলে গুনার সুলশারের দল। আর এ হারেই নিশ্চিত হলো টানা তিন বছর দলের ট্রফি ক্যাবিনেটে নতুন করে কিছু যোগ হচ্ছে না রেড ডেভিলদের।
গতকাল শুরুটা ভালোই হয়েছিল ইউনাইটেডের। জার্মানির কোলনে ৯ মিনিটেই দলকে এগিয়ে দিয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ। গোলের উৎস পরিচিত, পেনাল্টি। এ মৌসুমে দলের ২২তম পেনাল্টি থেকে গোল করতে ভুল হয়নি পর্তুগিজ প্লে মেকারের। কিন্তু প্রথমার্ধেই সমতা ফিরিয়েছে সেভিয়া। রক্ষণের ভুলে এগিয়ে থাকার সুবিধা হারানো ইউনাইটেড দ্বিতীয়ার্ধেও গোল খেয়েছে একই অপরাধে। আর তাতেই নিশ্চিত হয়েছে ৩১ বছরের সবচেয়ে বাজে সময়টা পার করছে ইউনাইটেড। গত ৩১ বছরে ট্রফি বিহীন এত দীর্ঘ সময় আর কাটায়নি ম্যানচেস্টারের লাল দল।
এ নিয়ে টানা তিন মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে স্প্যানিশ দলের কাছে হেরে ছিটকে গেল ইউনাইটেড। গত দুবার চ্যাম্পিয়নস লিগে সেভিয়া ও বার্সেলোনার কাছে হেরে বিদায় নিয়েছিল ইউনাইটেড। আর এবার বাদ পড়ল ইউরোপা থেকে। তিনের নামতা অবশ্য এখানেই শেষ হয়নি। এ মৌসুমে লিগ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল সুলশারের দল। এফএ কাপের সেমিফাইনালেও চেলসির কাছে হেরেছিল ইউনাইটেড। সেমিফাইনালের হারের ধারা ইউরোপেও নিয়ে গেল ইংল্যান্ডের সবচেয়ে সফল দল।
এ মৌসুমে আর কোনো প্রতিযোগিতায় টিকে নেই ইউনাইটেড। ফলে ২০১৬-১৭ মৌসুমে জেতা শিরোপা গুলোই ইউনাইটেডের শেষ অর্জন হয়ে আছে। পর পর তিন মৌসুম শিরোপা না জেতার এমন অভিজ্ঞতা ইউনাইটেড এ শতাব্দীতে পায়নি। এমন কিছু সর্বশেষ দেখে ১৯৮৯ সালে। ১৯৮৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত শিরোপার দেখা না পাওয়া ইউনাইটেডকে এর পর সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন।