৩১ ম্যাচে অপরাজিত আবাহনী
হারতেই ভুলে গেছে আবাহনী। দলীয় প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে ড্র-ও করছে না। পেশাদার ফুটবল লিগে টানা ৩১ ম্যাচে তারা অপরাজিত। যার মধ্যে মাত্র দুটি ড্র। ২৯ জয়ের সর্বশেষটি এল কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে। এনামুলের হ্যাটট্রিকে ব্যবধান ৪-০।২০ ম্যাচে ১৯ জয়ে আবাহনীর পয়েন্ট ৫৮। এক ম্যাচ কম খেলে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডানের পয়েন্ট ৪৯। আক্ষরিক অর্থে ৬ পয়েন্ট এগিয়ে থাকা আবাহনী তাদের বাকি চার ম্যাচের দুটিতে জয় ও একটি ড্র করলেই চ্যাম্পিয়ন। মোহামেডান আরও পয়েন্ট হারালে তো কথাই নেই। কোনো ‘কষ্টই’ করতে হবে না আকাশি-নীল জার্সিধারীদের।আবাহনীর সর্বশেষ পরাজয় গত লিগের প্রথম পর্বের নবম ম্যাচে। সে ম্যাচে ব্রাদার্সের কাছে ০-২ গোলে হেরেছিল তারা। এক ম্যাচ পরই ফিরতি পর্বের প্রথম ম্যাচে ফরাশঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র, এর পর টানা ২০ জয়। এবারের লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে আবাহনীকে থামাল চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান (০-০)। ওই ম্যাচ শেষে আবাহনী ফিরতি পর্বে টানা আট ম্যাচই জিতল।চ্যাম্পিয়নদের ম্যাচ বাকি চারটি—৭ মে ব্রাদার্স, ২১ মে শেখ রাসেল, ২৫ মে ফরাশগঞ্জ ও ৫ জুন মোহামেডানের সঙ্গে। এর আগে চট্টগ্রাম মোহামেডান কাল আবাহনীর পয়েন্ট কেড়ে নিতে পারলে লিগ কিছুটা প্রাণ পেত। ঢাকা মোহামেডানও নড়েচড়ে বসতে পারত। কিন্তু সেই সুযোগ আবাহনী দেয়নি।নিয়মিত একাদশের দু-তিনজন খেলোয়াড়কে বাদ দিয়ে খেলতে নেমেছিল চট্টগ্রাম মোহামেডান। তবে অধিনায়ক শওকত পরাজয়ের জন্য দায়ী করলেন রেফারিকে, ‘রেফারিই আমাদের হারিয়েছে।’শওকত আঙুল তুলেছেন ৫ মিনিটে খাওয়া প্রথম গোলটির দিকে। ওই সময় অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে পড়া এনামুল আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ১-০ করে দেন। চট্টগ্রাম মোহামেডানের দাবি, এনামুল অফসাইডে ছিলেন। ‘ছোট দল শুরুতে গোল খেলে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যায়’—ম্যাচের পর বলছিলেন চট্টগ্রাম মোহামেডানের কোচ আবু সারওয়ার চৌধুরী।৫৫ ও ৮৫ মিনিটে আরও দুটি গোল করেছেন এনামুল। সর্বোচ্চ ১৭ গোল নিয়ে তিনিই এখন গোলদাতার তালিকায় সবার ওপরে। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর শেরিফ, মোহামেডানের জাহিদ হাসান ও রাসেলের সামির ওমারির গোল ১৪টি। এদিন অতিরিক্ত সময়ে জাহেদ পারভেজ করেছেন আবাহনীর চতুর্থ গোল।