৩২ বছর পর...
মালয়েশিয়ার খেলোয়াড়েরা উচ্ছ্বসিত, এদিক-সেদিক ছুটোছুটি করছেন। সেই ভিড়ে একটু বেশিই উচ্ছ্বসিত দেখাচ্ছিল স্টিফেন হুইজেনকে। বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে নিজেদের গ্রুপে সেরা মালয়েশিয়ার কোচ পারলে আনন্দে নাচেন! চোখে-মুখে তৃপ্তি। ৩২ বছর পর এবারের ঢাকা সফরটা তাঁকে দুহাত ভরেই দিয়েছে।
স্টিফেন এর আগে একবারই ঢাকায় এসেছিলেন। ১৯৮৫ সালে ঢাকায় এশিয়া কাপ হকিতে খেলে যাওয়ার সেই স্মৃতিটা অবশ্য এখন অনেক ঝাপসা হয়ে গেছে। তাই কাল পড়ন্ত বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামে মনে করতে পারছিলেন না অনেক কিছুই। তবে এটা মনে আছে স্পষ্ট, ‘সেবার আমরা বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিলাম।’
বাংলাদেশের কোনো খেলোয়াড়ের নাম কি মনে আছে? জুম্মন লুসাই বা অন্য কেউ? স্টিফেন কোনো ভণিতা করেন না, ‘না, না কারও নামই মনে নেই। ৩২ বছর আগের কথা তো। মনে রাখা কঠিন।’
সেই সফরে মালয়েশিয়ার অধিনায়কের বয়স এখন ৫৮ চলছে। সেই সফরের কথা মনে করে বললেন, ‘তখন তো ঢাকা স্টেডিয়ামে খেলেছি। ঘাসের মাঠ ছিল।’ এত বছর পর ঢাকায় এসে দেখলেন অন্য পরিবেশ। টার্ফ এসেছে অনেক আগেই। হকি স্টেডিয়ামের নীল টার্ফে স্টিফেন বেশিক্ষণ কথা বলার সময় পেলেন না। খেলোয়াড়দের সঙ্গে যে আনন্দে যোগ দিতে হবে!