
বিশ্বকাপ শুরুর প্রারম্ভে আলজেরিয়ার কোচ ভাহিদ হালিলহজিচ বলেছিলেন, ‘আমরা ব্রাজিলে ঘুরতে যাচ্ছি না।’ অধিনায়ক মাজিদ বুগেরাও সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছেন, ব্রাজিলে অন্তত দ্বিতীয় রাউন্ডে যাবে তাঁর দল। শেষ ষোলোর টিকিট এখনো নিশ্চিত হয়নি আলজেরিয়ার। তবে পরশু দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয়ে দলটির দ্বিতীয় পর্বের স্বপ্নের নদীতে জেগে উঠেছে নতুন আশার ডুবোচর।
কাগজে-কলমে র৵াঙ্কিংয়ে আফ্রিকার সেরা দল আলজেরিয়া (২২)। ১৯৮২ বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে ইউরোপের কোনো দলকে হারিয়েছিল তারা। পশ্চিম জার্মানির বিপক্ষে সেই ২-১ গোলে জয় তো ফুটবল ইতিহাসেরই এক রূপকথা। তবে দলটির বর্ণিল বিশ্বকাপ অধ্যায়ের সেখানেই যে বিয়োগান্ত সমাপ্তি! ১৯৮৬ ও ২০১০ সালের দুটি বিশ্বকাপ খেললেও কোনো জয় পায়নি, চমক দেখাতে পারেনি উত্তর আফ্রিকার দেশটি। তাই দলটির সামর্থ্য নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল।
নিজেদের প্রথম ম্যাচে এগিয়ে থেকেও শেষ ২০ মিনিটে হারতে হয়েছে। পরশু ম্যাচটি ছিল আলজেরিয়ার জন্য ‘সেমিফাইনাল’। ৪-২ গোলে জয় বিশ্বকাপ-স্বপ্ন সজীব করে তুলল তাদের। শেষ ম্যাচে রাশিয়ার বিপক্ষে জিতলেই প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে ওঠে যাবে আলজেরিয়া।
পরের হিসাব পরে হবে। আপাতত দুর্দান্ত এক জয়টাই যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চাইছে ‘মরু শিয়ালেরা’। হালিলহজিচ বলছেন, ‘এই জয় আলজেরিয়ার সমর্থকদের উদ্দেশে উৎসর্গ করছি। বছরের পর বছর ধরে তাঁরা এই জয়ের জন্য অপেক্ষা করেছেন।’ আলজেরিয়ার দায়িত্ব নেওয়ার সময়টা যে কতটা কঠিন ছিল, তা-ও জানালেন, ‘তিন বছর আগে দলটির দায়িত্ব নিই। আমাদের সবকিছু নতুন করে শুরু করতে হয়েছে। নতুনভাবে সাজাতে হয়েছে। দায়িত্ব নেওয়ার সময় দলটি র৵াঙ্কিংয়ে ৫২ নম্বরে ছিল। এখন আমরা ২০-এ আছি (২২)। বলছি না এই যুদ্ধ নিজের জন্য জয় করেছি। বরং করেছি আলজেরিয়ার জনগণের জন্য।’ শেষ ষোলোতে যাওয়ার স্বপ্নও দেখছেন, ‘৩২ বছর পর এই জয় আমাদের অনেক অনুপ্রেরণা জোগাচ্ছে।’
১৯৮২ বিশ্বকাপে একরকম জোর করেই দ্বিতীয় রাউন্ডে উঠতে দেওয়া হয়নি আলজেরিয়াকে। যেটি বিশ্বকাপ ইতিহাসেই কলঙ্ক হয়ে আছে। এবার কী হবে কে জানে। তবে অনুপ্রেরণাদায়ী কোচের শেষ কথাতেই জয়ের টনিক পেতে পারেন ছাত্ররা, ‘কাজটা খুব সহজ নয়, কিন্তু অসম্ভবও না।’ এএফপি।