টিভি ক্যামেরায় বারবার আসছিল মুখগুলো। মাঠে খেলোয়াড়েরা কেউ জার্সি খুলে ঘোরাচ্ছেন। গ্যালারিতে সমর্থকেরা আনন্দে মাতোয়ারা। ছবিটা ঘোষণা করছিল একটাই বার্তা—‘আমরা এসেছি। আমরা ৩২ বছর পর আবার এসেছি!’ইয়োহান ক্রুইফের সত্তর দশকের হল্যান্ড দুবার বিশ্বকাপ ফাইনালে খেলেছিল। ১৯৭৪ আর ১৯৭৮-এ। দুবারই রানার্সআপ। শিরোপার কাছে গিয়েও তা জিততে না পারার ব্যর্থতা ৩২ বছর ধরে পোড়াচ্ছে ডাচদের। এবার কি সেই আক্ষেপ ঘুচবে?উরুগুয়েকে ৩-২ গোলে হারিয়ে সেটি দূর করার খুব কাছে পৌঁছে গেছে হল্যান্ড। ১১ জুলাইয়ের ফাইনালে তারা খেলছে। আজ স্পেন-জার্মানি ম্যাচের জয়ী দলই শেষ বাধা।সেই বাধার আগে কাল সেমিফাইনালের বাধাটা হল্যান্ড পেরিয়ে গেল দ্বিতীয়ার্ধে আরিয়েন রোবেন আর স্নাইডারের গোলে। এই দুজন দুই গোল করে স্কোরলাইনটা করে দিলেন ৩-১। শেষদিকে ম্যাক্সি মিলানো পেরেইরা ৩-২ করলেও উরুগুয়ের ফাইনালে খেলা হলো না।এই লড়াইয়ে হল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন এমন একজন, যাঁর পায়ে গোল ডুমুরের ফুল। তিনি হল্যান্ড দলের অধিনায়ক ডিফেন্ডার জিওভানি ব্রঙ্কহর্স্ট। প্রায় ৩৫ মিটার দূর থেকে দারুণ এক শটে ওই গোল করেন। বিশ্ব ফুটবলে ব্রঙ্কহর্স্ট নামটা তেমন পরিচিত নয়। ২০০১-০৩ আর্সেনাল, ২০০৩-০৭ পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন। এখন খেলছেন ডাচ ক্লাব ফেইনুর্দে। আন্তর্জাতিক ফুটবল শুরু ১৯৯৬ সালে। এই বিশ্বকাপের প্রথম ম্যাচ ছিল তাঁর শততম আন্তর্জাতিক ম্যাচ। কাল ছিল ১০৫তম। আর এই ম্যাচেই নিজের ষষ্ঠ আন্তর্জাতিক গোল করে মাতিয়ে তোলেন কেপটাউনের গ্যালারি। কিন্তু কমলা ঢেউ কিছু সময়ের জন্য থামিয়ে দিলেন ডিয়েগো ফোরলান। আবারও সেই দূরপাল্লার এক শটে ১-১ করলেন উরুগুয়ের স্ট্রাইকার। কিন্তু দলকে নিতে পারলেন না শেষ লড়াইয়ে। তাঁর এই হতাশার মাঝেই কমলা ঢেউ বইল স্টেডিয়ামে। ৩২ বছরের অপেক্ষা ফুরোল বলে কথা!