৩২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

শেষ পাঁচ উইকেটে মাত্র ৪৮ রানই সংগ্রহ করতে পারলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। তৃতীয় দিনে প্রথম ১৫ ওভারের মধ্যেই সফরকারীদের গুটিয়ে দিয়েছেন সোয়ান-অ্যান্ডারসনরা। দুটি করে উইকেট তুলে নিয়ে জেমস অ্যান্ডারস ও গ্রায়েম সোয়ানই হিরো এই পর্যায়ের। শুরুর মতো অস্ট্রেলিয়ার শেষটাও হয়েছে স্টুয়ার্ট ব্রডের হাতে। অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান রায়ান হ্যারিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ইনিংসে পাঁচ উইকেটের কোটাও পূর্ণ করেছেন এই ডানহাতি পেসার। ২৭০ রানে প্রথম ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া অবশ্য এগিয়ে ৩২ রানে।
পঞ্চম উইকেটে শেন ওয়াটসন আর ক্রিস রজার্সের ১২৯ রানের জুটিটা নিশ্চয়ই আরও বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়েছিল অস্ট্রেলিয়াকে। তবে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছেন ওই ব্রডই। প্রথমে ওয়াটসনকে ফেরান ব্রড। সেঞ্চুরি করা রজার্সকে ফিরিয়েছেন সোয়ান। রজার্সের সংগ্রহ ১১০।
রজার্সের আগে দিনের প্রথম ওভারে হাডিনকেও সাজঘরমুখী করেছিলেন সোয়ান। অস্ট্রেলিয়ার পরবর্তী দুইটি উইকেট গেছে অ্যান্ডারসনের দখলে। নতুন বল হাতে পাওয়ার সুযোগটা কাজে লাগাতে কোনো ভুল করেননি এই ইংলিশ পেসার। টানা দুই ওভারে ফিরিয়েছেন পিটার সিডল ও নাথান লায়নকে। অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন ব্রড। তুলে নিয়েছেন শেষ ব্যাটসম্যান হ্যারিসের উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই জো রুটের উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখার সময় ইংলিশদের সংগ্রহ ১ উইকেটে ২৪ রান।