৩৩ ফেডারেশনকে ২০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বাজেটে বরাবরই উপেক্ষিত ক্রীড়াঙ্গন। কিন্তু এবার যেন অর্থ মন্ত্রণালয়ের সুনজর পড়েছে ক্রীড়াঙ্গনে। দেশের ৩৩টি ক্রীড়া ফেডারেশনকে ২০ কোটি টাকা আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।
এর আগে গত বছর ক্রীড়াঙ্গনের সংস্কার বাবদ সরকার ৫০ কোটি টাকা দিয়েছিল এনএসসিকে, কিন্তু সেই টাকা সঠিক খাতে ব্যবহার না হওয়ায় ফেরত যায়। তবে এবার ২০ কোটি টাকা শুধুই খেলোয়াড়দের উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।
৩৩টি ফেডারেশনের মধ্যে সবচেয়ে বেশি টাকা পাচ্ছে ফুটবল (১ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার)। এরপরই আছে অ্যাথলেটিকস (১ কোটি ২০ লাখ ৪০ হাজার), ক্রিকেট (১ কোটি ৪ লাখ ৭৩ হাজার), হ্যান্ডবল (১ কোটি ৩ লাখ ৬৫ হাজার), আর্চারি (১ কোটি ২ লাখ ৫ হাজার) ও ভলিবল (১ কোটি ১৩ হাজার)।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নারায়ণ চন্দ্র দেবনাথ জানিয়েছেন, ‘কিছুদিন আগে অর্থ মন্ত্রণালয় তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণের জন্য ক্রীড়া মন্ত্রণালয়কে একটি বাজেট দিতে বলে। সেই অনুযায়ী আমরা ফেডারেশনগুলোর কাছ থেকে তাদের কর্মপরিকল্পনা জানতে চাই। সেটি পেয়েই প্রস্তাবিত বাজেট পাঠাই অর্থ মন্ত্রণালয়ে। এখন অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পেলেই আমরা ফেডারেশনকে টাকা দিয়ে দেব।’
সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় ক্রীড়া ফেডারেশন সমিতির সদস্যসচিব ও হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ‘এর আগে কখনোই অর্থ মন্ত্রণালয় থেকে এমন টাকাপয়সা আমরা পাইনি। এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। তবে টাকাগুলো যাতে ঠিকঠাক ব্যবহার করা হয় সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।’