৩৩ বছর পর আরামবাগের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ঘরোয়া ফুটবলে ৩৩ বছর শীর্ষে কাটিয়ে এবার আর অবনমন বাঁচাতে পারল না আরামবাগ। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে টিকে থাকার লড়াইয়ে কাল নিজেদের শেষ ম্যাচে আরামবাগের জয় অত্যাবশ্যক ছিল বিজেএমসির বিপক্ষে। কিন্তু এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে হার দলটির বিদায় নিশ্চিত করে দিয়েছে।এই ম্যাচে চোখ ছিল ফেনী সকার ও ব্রাদার্সের। আরামবাগের জয়-পরাজয়ের ওপর এই দুই দলের ভাগ্যও অনেকটা ঝুলছিল। দিন শেষে কোনো সমীকরণেরই প্রয়োজন রইল না। ১৬ ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া আরামবাগকে পেছনে রেখে টিকে রইল সকার (১৫ ম্যাচে ১২) ও ব্রাদার্স (১৫ ম্যাচে ১১)। এবার একটি দলই অবনমিত হচ্ছে।আরামবাগের এই দুঃখের দিনে খেলোয়াড়েরা ছিলেন বিমর্ষ। দু-চারজন কর্মকর্তা ছিলেন, তাঁরা দুঃখ করতে করতে বাড়ির পথ ধরেছেন।বিষণ্ন কোচ শাহাদাত হোসেন ভাগ্যকেই দুষলেন বেশি, ‘আশা ছিল শেষ পর্যন্ত হয়তো টিকে থাকব। পারলাম না, এটা হতাশার। বিদেশি খেলোয়াড়দের কাছ থেকে ভালো কিছু পাইনি, পেলে হয়তো অবনমন বাঁচানো যেত। ভাগ্যকেও সঙ্গে পাইনি আমরা।’ঢাকার শীর্ষ ফুটবলে আরামবাগের আগমন ১৯৮০ সালে। সেই থেকে দলটি ঢাকার প্রথম বিভাগ, প্রিমিয়ার লিগ, তারপর পেশাদার লিগ প্রবর্তন হলে প্রতিটিতেই খেলে এসেছে। কয়েক বছর ধরে মুমূর্ষু অবস্থায় থাকলেও টিকে গেছে। এবার কোনো চেষ্টাই আর কাজে আসেনি। এ ধরনের পরিস্থিতিতে পয়েন্ট দেওয়া-নেওয়ার একটা খেলা এত দিন চলে এসেছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে। কাল ম্যাচ শুরুর আগে অনেকেই আশঙ্কা করছিলেন, বিজেএমসি হয়তো সহায়তার হাত বাড়াবে আরামবাগের দিকে। কিন্তু বিজেএমসি পয়েন্ট না ছাড়াটা ঘরোয়া ফুটবলে একটা দৃষ্টান্তই হয়ে থাকবে। পাতানো ম্যাচ না খেলায় অনেকেই প্রশংসা করেছেন বিজেএমসির। বিজেএমসির শীর্ষ কর্মকর্তা আরিফ খান (জয়) বলছিলেন, ‘আমরা পরিচ্ছন্ন ম্যাচ খেলেছি। ফুটবলের জন্য এটা খুব দরকার। পাতানো ম্যাচ খেলব না, এই প্রতিজ্ঞা ছিল আমাদের।’কালকের ম্যাচে ২১ মিনিটে আরামবাগকে এগিয়ে নেন পল। ২৮ মিনিটে বাঙ্গুরা, ৩২ মিনিটে আবদুল্লা পারভেজ এবং ৪২ মিনিটে মোখলেসের গোলে ম্যাচটা হাতের মুঠোয় নেয় বিজেএমসি। ৬১ মিনিটে আরামবাগের কেস্টার আকন ৩-২ করলেও শেষ রক্ষা হয়নি।ফরাশগঞ্জ, রহমতগঞ্জ গত মৌসুমে বিদায় নিয়েছে। সেই দলে এবার যোগ দিয়েছে আরামবাগ। ঢাকার মাঝারি শক্তির দলগুলোর বড় দুর্দিন চলছে!