৩৩ বছর পর পেলের স্বীকৃতি
পেলে ফুটবলকে বিদায় জানিয়েছেন ৩৩ বছর হলো। এই এত দিনে একটি স্বীকৃতি অবশেষে জুটল ফুটবলসম্রাটের। তিন তিনটি বিশ্বকাপ জিতেছেন। জয় করেছেন বিশ্বজোড়া ফুটবল রোমান্টিকদের মন। সান্তোসের হয়ে জিতেছেন ছয়টি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ। বিশ্বকাপ জয়, মানুষের মন জয়—ঠিকই আছে। কিন্তু সান্তোসের হয়ে জেতা ছয়টি জাতীয় চ্যাম্পিয়নশিপের স্বীকৃতি ছিল না এত দিন। শিরোপা জয়ের ৪০, আর খেলা ছাড়ার ৩৩ বছর পর পেলেন সেই স্বীকৃতি।পেলে সান্তোসে খেলেছেন ১৯৫৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত। শিরোপা ছয়টি জিতেছেন ১৯৫৯ থেকে ১৯৭০-এর মধ্যে। কিন্তু ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ কাগজে-কলমে শুরু ১৯৭১ সাল থেকে। এ কারণেই পেলের জেতা ব্রাসিল কাপ আর রবার্তো গোমেজ পেদ্রোসা টুর্নামেন্ট জাতীয় চ্যাম্পিয়নশিপ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সেই স্বীকৃতি দিল গত পরশু।সত্তর বছর বয়সে এমন স্বীকৃতি পেয়ে দারুণ খুশি পেলে, ‘আমি মনে করি, স্বীকৃতিটা আমার প্রাপ্যই ছিল। সান্তোসে ওই সময়ে যারা খেলেছে, বিশেষ এই দিনে আমি তাদের সবাইকে স্মরণ করতে পেরে খুব খুশি’—সিবিএফ প্রেসিডেন্ট রিকার্ডো টিসেইরার হাত থেকে ছয়টি পদক নিয়ে বলেছেন পেলে। আরও দুবার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে রেকর্ড আটটি শিরোপা জিতেছে পেলের সান্তোস, পালমেইরাসও জিতেছে সমান সংখ্যক শিরোপা। রয়টার্স।