৩৩ বছর পর...

পোলিশরা এখন আর বলতে পারবে না, ৩৩ বছর কাটল গ্র্যান্ড স্লাম কথা রাখেনি! পরশু ইয়ার্জি ইয়ানোভিচ ও উকাশ কুবোত উঠলেন উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে। ৩৩ বছর পর দু-দুজন পুরুষ পোলিশ খেলোয়াড়কে উইম্বলডনের শেষ আটে দেখে সবচেয়ে আনন্দিত ব্যক্তিটি নিশ্চয়ই ভয়চেখ ফিবাক। ১৯৮০ সালে টানা তিনটি গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি। তারপর এবারই কোনো গ্র্যান্ড স্লাম শেষ আটে পেল কোনো পোলিশ তরুণকে।
দীর্ঘ প্রতীক্ষার অবসানও কী দারুণভাবেই না হলো পোল্যান্ডের! পরশু মিনিট কয়েকের ব্যবধানেই শেষ আটে উঠে গেলেন ইয়ানোভিচ ও কুবোত। এতেই নিশ্চিত পোল্যান্ডের টেনিস ইতিহাসে সংযোজিত হচ্ছে নতুন একটা পৃষ্ঠা। আজ একটি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি এ দুজন, যার অর্থ গ্র্যান্ড স্লামে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠছেন পোল্যান্ডের কোনো পুরুষ খেলোয়াড়। ২০০০ সালের পিট সাম্প্রাস ও ইয়ান-মাইকেল গ্যাম্বিলের অল আমেরিকান কোয়ার্টার ফাইনালের পর শেষ আটে আজই প্রথম লড়ছেন একই দেশের দুজন।
পরশু ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার ইয়ানোভিচ দীর্ঘ লড়াইয়ে ৩-৬, ৭-৬, ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে হারিয়েছেন অস্ট্রিয়ার ইয়ুর্গেন মেলজারকে। বিশ্বের ২২ নম্বর খেলোয়াড় ম্যাচটা জিতেই পড়িমরি করে ছুটে যান স্বদেশি কুবোতের সঙ্গে দেখা করতে। ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোকে আরেকটি পাঁচ সেটের ম্যাচে হারিয়ে বিশ্বের ১৩০ নম্বর খেলোয়াড় কুবোত লকার রুমে এসেই পান ইয়ানোভিচের উষ্ণ আলিঙ্গন। ইয়ানোভিচের কণ্ঠে তখন ইতিহাস গড়ার আনন্দ, ‘আমরা খুশি। আমরা খুশি, কারণ এখন যেটা হচ্ছে সেটা পুরোপুরিই জাদুকরি, যা হচ্ছে সেটা অবিশ্বাস্য। আমরা দুজন কোয়ার্টার ফাইনালে, পোলিশ টেনিসের জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারত।’
একটু বেশিই আনন্দ হওয়া উচিত ইয়ানোভিচের। বেশি দিন আগের কথা নয়, ২০১২ সালেই বিমানভাড়ার অভাবে অস্ট্রেলিয়ান ওপেনের বাছাইপর্বে যেতে পারেননি ২২ বছর বয়সী তরুণ।
কোয়ার্টার ফাইনালে মুখোমুখি বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ ও টমাস বার্ডিচ। ব্রিটিশ-স্বপ্নের বাহক অ্যান্ডি মারের প্রতিপক্ষ স্পেনের ফার্নান্দো ভারদাসকো। ডেভিড ফেরার খেলবেন হুয়ান মার্টিন দেল পোত্রোর সঙ্গে। ওয়েবসাইট।