জোনাথন ট্রটের অনন্য ১৩৭ রানের ইনিংসটি বিফলে গেল। ব্যাটসম্যানদের সমন্বিত ব্যাটিং পারফরম্যান্সের ওপর ভর করে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এক অবিস্মরনীয় ম্যাচে জয় পেল অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম ওয়ানডেতে জিতে অসিরা এগিয়ে রইল ৫-১ ব্যবধানে।টসে জিতে সিডনিতে প্রথমে ব্যাট করেছিল ইংল্যান্ড। ট্রটের ১৩৭ রানের সঙ্গে স্ট্রাউসের ৬৩ ও ইয়ান বেলের ৪৫ রানে নির্ধারিত ৫০ ওভারে ইংলিশরা গড়ে তোলে ৩৩৩ রানের বিশাল সংগ্রহ। এই তিন পারফরমারের সঙ্গী হয়েছিল কেভিন পিটারসেনের ৩৪ বলে ২৯ ও মরগানের ১৩ বলে ২১ রানের দুটি ছোট্ট অথচ মূল্যবান ইনিংস। অস্ট্রেলীয় বোলাররা ইংলিশ ব্যাটের দাপটে আজ ছিলেন অনেকটাই অসহায়। শন টেইট, ব্রেট লি,মিচেল জনসন, স্মিথ ও ওয়াটসন প্রত্যেকেই উইকেট সংগ্রহ করলেও রান দেওয়ার ক্ষেত্রে তাঁরা ছিলেন বড় বেশি উদারচিত্ত। অসি বোলারদের মধ্যে সবচেয়ে ‘কৃপণ’ বোলার স্মিথের ওভার প্রতি রান দেওয়ার হার ছিল ৫ দশমিক ৭১। ব্রেট লি ওভার প্রতি ৭ দশমিক ৩৩ গড়ে রান দিয়ে ইংলিশদের রান সংগ্রহে প্রাথমিক গতি এনে দেন। সেই গতি অব্যাহত ছিল ইনিংসের শেষ বল অবধি।জয়ের জন্য আসলে পরিকল্পনা মাফিক ব্যাটিংই করেছে অস্ট্রেলিয়া। কোনো একক ব্যাটসম্যানের কৃতিত্বে নয়, বরং সম্মিলিত উদ্যোগেই ইংল্যান্ডের বিশাল সংগ্রহ তাড়া করেছে অসিরা। দলের প্রথম সাতজন ব্যাটসম্যানের সকলেই কোনো না কোনোভাবে অবদান রেখেছেন দলের জয়ে। প্রথম সাত ব্যাটসম্যানের সংগ্রহ যথাক্রমে-৫১,২০,৪৬,৫৭,৮২,২০,৩৮। এদের মধ্যে সর্বোচ্চ ৮২ রানের মালিক অধিনায়ক মাইকেল ক্লার্ক। ৫১ রান এসেছে শেন ওয়াটসনের ব্যাট থেকে। ৫৭ রান মিশেল জনসনের। আর ৪৬ রান করেছেন আহত শন মার্শের বদলে দলে সুযোগ পাওয়া ফার্গুসন। অধিনায়ক ক্লার্ক তাঁর সব সমালোচনাকে পেছনে ফেলে ১১৭ স্ট্রাইকরেটে ৭০ বলে ৮২ করে অস্ট্রেলিয়ার রান তাড়ায় রেখেছেন নেতৃস্থানীয় ভূমিকা।ইংলিশ বোলাররা তাঁদের ব্যাটসম্যানদের পারফরম্যান্সের ধারে কাছেও ছিলেন না। ওয়েকস, অ্যান্ডারসন, ফিন, ইয়ার্ডি, পিটারসেন ও ট্রট প্রত্যেকের ওপরই চড়াও হয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা তুলে নেন প্রয়োজনীয় রান। ফিন সর্বোচ্চ ২টি উইকেট দখল করেন। এর পাশাপাশি অ্যান্ডারসন, পিটারসেন, ইয়ার্ডি প্রত্যেকেই ১টি করে উইকেট দখল করেন।সংক্ষিপ্ত স্কোরইংল্যান্ড ৩৩৩/৬ (৫০ ওভার)ট্রট ১৩৭, স্ট্রাউস ৬৩, বেল ৪৫টেইট ২/৫৯অস্ট্রেলিয়া ৩৩৪/৮ (৪৯.২ ওভার)ক্লার্ক ৮২, ওয়াটসন ৫১, জনসন ৫৭ফিন ২/৫১(অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী)