৩৩৩ রানও যথেষ্ট হলো না!
ব্রিসবেনে ফিফটি করেও দর্শকের মন পাননি। বরং দুয়োই শুনেছিলেন। কাল সিডনিতে দর্শকদের মন তিনি জিতে নিলেন। শুরুতে দুয়ো উঠেছিল। কিন্তু সেটাই শেষে বদলে গেল জয়ধ্বনিতে—জয়, মাইকেল ক্লার্কের জয়!মাঝবিরতির আগে স্বাগতিক দর্শকদের দুয়োর কারণ ইংল্যান্ডের রান-পাহাড়। ট্রটের ক্যারিয়ার-সেরা ১৩৭ রানের সৌজন্যে ৩৩৩ রান ওঠার পর অনেকে ধরেই নিয়েছিল, ম্যাচটা শেষ। কিন্তু ক্লার্ক নিশ্চয়ই ধরেননি। সেটি ব্যাট হাতেও প্রমাণ করে দিয়েছেন ৭০ বলে ৮২ রানের ইনিংস খেলে। ৪ বল আর ২ উইকেট হাতে রেখে ৩৩৪ রান করে জিতল অস্ট্রেলিয়া। ওয়ানডের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।ওয়াটসনের ঝোড়ো শুরু (৩৪ বলে ৫১, আটটি চার), মিচেল জনসনকে চারে নামানোর ফাটকা দারুণভাবে কাজে লাগা (৫৯ বলে ৫৭), রানের গতি সব সময়ই ওভারে ছয়ের কাছাকাছি রাখার পরিকল্পনা ঠিকমতো বাস্তবায়ন—সিরিজে পঞ্চম জয়ের পথে ঠিকঠাক এগোচ্ছিল অস্ট্রেলিয়া।তবে ম্যাচের মোড় ঘুরে যায় ক্লার্কের সঙ্গে ডেভিড হাসির মাত্র ৭১ বলে তোলা ৯০ রানের জুটিটায়। ম্যাচটা অস্ট্রেলিয়া অনায়াসে জিতবে বলেই মনে হচ্ছিল তখন। কিন্তু ৪৭ ওভারের শেষ বল থেকেই নাটকের শুরু, যখন বিদায় নিলেন হাসি। পরের ওভারে রানআউটের শিকার স্মিথ। তার পরের ওভারে ক্লার্ক।১২ বল আর ১৩ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তখন ৩২৭/৮। শেষ ৭ বলে ৫ রানের দূরত্বটাকেও মনে হচ্ছিল কঠিন। ক্রিস ওকসের করা শেষ ওভারের প্রথম বলে এক রান নিলেন লি। দ্বিতীয় বলে জন হেস্টিংস পেয়ে গেলেন তাঁর ক্যারিয়ারের স্মরণীয় চার। যদিও সেটি সৌভাগ্য প্রসূত। সজোরে ব্যাট চালিয়েছিলেন। বল ব্যাটের কোনায় লেগে ফাইন লেগ দিয়ে সীমানা ছাড়া। অস্ট্রেলিয়া পেয়ে গেল রেকর্ড জয়।গত অ্যাশেজ জেতার পরও ওয়ানডে সিরিজে ৬-১-এ হেরেছিল ইংল্যান্ড। এবারও কি একই পরিণতি অপেক্ষা করছে তাদের সামনে!সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৩৩/৬ (ট্রট ১৩৭, স্ট্রাউস ৬৩, বেল ৪৫; টেইট ২/৫৯)। অস্ট্রেলিয়া: ৪৯.২ ওভারে ৩৩৪/৮ (ক্লার্ক ৮২, জনসন ৫৭, ওয়াটসন ৫১; ফিন ২/৫১)। ফল: অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: জোনাথন ট্রট।