৩৪ একটা ‘সূচক’ও!
অগাস্টিনা নোয়াওকোলো আর মোল্লা সাবিরা সুলতানার মাঝখানে একটা সংখ্যা—‘৩৪’।কী এটা? প্রতিযোগিতার মঞ্চে দুজনকে দুই মেরুতে রাখার একটা নির্দেশিকা ভেবে নিতে পারেন। এটি জানিয়ে দিচ্ছে, বড় মঞ্চে বাংলাদেশের ভারোত্তোলকেরা (পড়ুন খেলোয়াড়েরা) কত হাজার মাইল পেছনে পড়ে আছেন।১৯তম কমনওয়েলথ গেমসে মেয়েদের ৪৮ কেজিতে মোট ১৭৫ কেজি তুলে প্রথম হয়েছেন নাইজেরিয়ার মেয়ে অগাস্টিনা। এই ইভেন্টে ১০ জন প্রতিযোগীর মধ্যে মোল্লা সাবিরা নবম। বাংলাদেশের মেয়ে তুলেছেন ১৪১ কেজি। নাইজেরিয়া আর বাংলাদেশের দূরত্বের মতো ৩৪ কেজি ব্যবধান!অগাস্টিনাই জিতলেন এবারের কমনওয়েলথ গেমসের প্রথম সোনা। এটি তাঁর প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা! শুধু সোনাই তো নয়, স্ন্যাচ এবং ক্লিন ও জার্ক—দুই বিভাগেই গড়েছেন নতুন গেমস রেকর্ড! অগাস্টিনাকে উৎসাহ দিতে আসা স্বদেশি ভারোত্তোলকদের একজন নোয়াকু ইয়াসিলা বলছিলেন, ‘এই প্রথম মেয়েদের ভারোত্তোলনে খেলছি আমরা। ১৯৯৪ সালের পর নাইজেরিয়ার পুরুষ ভারোত্তোলক দলও প্রথম খেলছে কমনওয়েলথ গেমসে।’ এত দিন না খেলার কারণটাও জানালেন, ‘সম্ভবত ড্রাগ-ট্রাগের ব্যাপার ছিল। এ জন্য এত দিন আমাদের ভারোত্তোলক দল আসেনি কমনওয়েলথে। তবে এখন থেকে নিয়মিত খেলব আশা করি।’নাইজেরিয়া বেশি পরিচিত ফুটবলের দেশ হিসেবে। দেশটির প্রধান খেলাও ফুটবল। বাংলাদেশে নাইজেরিয়ার অনেক ফুটবলার আসে এটা জানা নেই নোয়াকুর, ‘আমি জানতাম না, তোমাদের দেশে আমাদের ফুটবলাররা খেলতে যায়।’দিল্লির নেহরু স্পোর্টস কমপ্লেক্সের গ্যালারিতে তখন লাফালাফি করছেন নাইজেরিয়ার ৮-১০ জন ভারোত্তোলক। নিজের শেষ দুটি প্রচেষ্টায় ১০৩ কেজি তুলতে গিয়েও ভারতের সোনিয়া চানু ব্যর্থ হওয়ায় নিশ্চিত হলো অগাস্টিনাই সোনা জিতছেন। ১৬৭ কেজি তুলে দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হলো চানুকে। দুই কেজি কম তুলে তৃতীয় ভারতেরই আরেক ভারোত্তোলক সন্ধ্যা রানী। বাংলাদেশের মেয়েরা এমন মঞ্চে কবে সমীহ কাড়বেন—দেখতে দেখতে প্রশ্নটা ঘুরপাক খায় মনে। অগাস্টিনা যেখানে স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৭০ কেজি তুলেছেন, সাবিরা তুলেছেন ১০ কেজি কম! ৬০ কেজি সফলভাবে তোলার পর দ্বিতীয় চেষ্টায় ৬৫ কেজি তুলতে পারলেন না। তৃতীয় ও শেষ চেষ্টায় অবশ্য ৬৬ কেজি তুলেছেন। অগাস্টিনা তুলেছেন গেমসের রেকর্ড সর্বোচ্চ ৭৭ কেজি! ক্লিন ও জার্কে সাবিরা তাঁর তৃতীয় প্রচেষ্টায় তুলেছেন সর্বোচ্চ ৭৫ কেজি। অগাস্টিনা, চানুরা শুরুই করেছেন ৯৪ কেজি তুলে। শেষমেশ ১০০ কেজি তুলতে না পারলেও অগাস্টিনার তোলা ৯৮ কেজিই হয়ে গেল গেমসের রেকর্ড। কোথায় ৭৫, কোথায় ৯৮! বাংলাদেশের কোনো খেলোয়াড় কমনওয়েলথে সোনা জিতলে ফ্ল্যাট পাবেন, আগেই দেওয়া হয়েছে লোভনীয় পুরস্কারের এই ঘোষণা। অর্থ পুরস্কার ৫০ লাখেও ওপরে ঠেকতে পারে। অথচ অগাস্টিনারা আসার আগে তাদের সরকার বলেছে, সোনা জিতলে ৫ হাজার মার্কিন ডলার দেওয়া হবে। পুরস্কার দিয়ে মন ভোলানো নয়, খেলোয়াড় গড়ে তোলার দিকেই বেশি মনোযোগ নাইজেরিয়া সরকারের। খেলোয়াড় নাইজেরিয়ান ভারোত্তোলক ক্রিস্টোফার জানান, ‘আমাদের মাসিক বেতন দেওয়া হয়। বড় খেলোয়াড়েরা মাসে ৭০০-৮০০ ডলার পায় প্রাদেশিক সরকারের কাছ থেকে। আমি পাই ৪০০ ডলার। আমরা নিশ্চিন্তে খেলতে পারি।’ঠিক উল্টো অবস্থানে বাংলাদেশ। এ দেশে সোনা জিতলে পুরস্কার দেওয়ার আদিখ্যেতা দেখানো হয়, সোনা জেতার উপযোগী করে খেলোয়াড়দের গড়ে তোলা হয় না। এমনকি এই সেদিন ভারোত্তোলকদের বিতাড়ন করা হয়েছে অনুশীলনের অস্থায়ী জায়গা থেকে!স্ন্যাচে আগে সেরা ৬৪ কেজি, ক্লিন ও জার্কে ৭২—কমনওয়েলথে নিজের সেরা পারফরম্যান্সের চেয়ে ২-৩ কেজি বেশি তুলেছেন সাবিরা। বললেন, ‘আমি তো সেরাটা করলাম। অন্যরা এত বেশি ওজন তুললে আমার কী করার আছে?’ যথার্থ প্রশ্ন। উত্তরটা দিলেন ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, ‘অনুশীলন করার জায়গা নেই, সরঞ্জাম নেই, কিছুই যেখানে নেই...এই ফল ভালোই বলব!’কিন্তু ‘৩৪’ ব্যবধানটা তো আর মুছে ফেলা যাচ্ছে না!