
খেলা শেষে ম্যাচ রেফারির কাছে অধিনায়কের রিপোর্ট দেওয়ার নিয়ম। কোচ সেটা মনে করিয়ে দিতেই আবাহনী অধিনায়ক শাহরিয়ার নাফীস বললেন, ‘একটা কিছু লিখে দেন। আমি সই করে দেব।’ নিজেরা ২৪৭ করে প্রতিপক্ষকে ৩৫ রানে অলআউট করে দেওয়ার পর ওই ম্যাচ নিয়ে বলার আর থাকেই বা কী!
ফতুল্লায় ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে আবাহনী পেয়েছে ২১২ রানের বিশাল জয়। বগুড়ায় মোহামেডানের জয়টা এত বড় না হলেও সেটিতে খুব আয়াশসাধ্য বলা যাবে না। আফগান ক্রিকেটার মোহাম্মদ নবীর বিধ্বংসী সেঞ্চুরির সৌজন্যে ৮ উইকেটে ৩০৭ রান করে মোহামেডান ৩৪ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বরকে। রাজশাহীতে শেখ জামালের ২৬২ রানের জবাবে ২৪৬ রানে অলআউট কলাবাগান হেরেছে ১৬ রানে।
দূর থেকে দেখা চোখে ফতুল্লায় কাল আম্পায়ারিংয়ের টুকটাক সমস্যা অনেকেরই চোখে পড়েছে এবং এর শিকার কমবেশি দুই দলই। কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত এমনই একপেশে হয়ে গেল যে সেসব আর আলোচনাতেই এল না। তবে আলোচনায় ভালো করেই থাকলেন আবাহনীর তরুণ পেসার আল আমিন হোসেন, সঙ্গে ফতুল্লার উইকেটও। সিসিএসের শ্রীলঙ্কান পেসার থিলান তুষারা ম্যাচের প্রথম ওভারেই দুটি বল ব্যাটসম্যানের কাঁধ পর্যন্ত তোলায় মনে হচ্ছিল, উইকেটে কিছু আছে। কিন্তু দিন যত গড়িয়েছে, বেশির ভাগ বল হাঁটুর ওপরেই ওঠেনি। উইকেটের সুবিধা পুরোপুরি কাজে লাগিয়ে মাত্র ১৪ রানে সিসিএসের প্রথম ৪ উইকেট তুলে নেন আল আমিন। পরে আরও ২ উইকেট নিয়ে তাঁর বোলিং বিশ্লেষণ ৮-২-১৬-৬। বাকি ৪ উইকেট বাঁহাতি স্পিনার নাবিল সামাদের।
একটু ব্যাটিং দুরূহ উইকেট, আল আমিন-নাবিলের ও রকম জ্বলে ওঠা, তার ওপর ২৪৭ তাড়া করার তাড়নায় এলোমেলো ব্যাটিং। সব মিলিয়ে পৌনে তিনটার দিকেই ম্যাচ শেষ। সিসিএসের ইনিংসে দুই অঙ্কের দেখা পাননি কোনো ব্যাটসম্যানই। এর আগে আবাহনীর ব্যাটসম্যানদেরও যথেষ্টই সংগ্রাম করতে হয়েছে ফতুল্লার উইকেটে। অধিনায়ক শাহরিয়ারের ভাষায়, ‘ব্যাটসম্যানদের কৃতিত্ব দেব। এই উইকেটেও দারুণ ব্যাটিং করেছে ওরা।’ এই ‘ওরা’ বলতে কিন্তু অনেকেই। আবাহনীর ২৪৭ রানের ইনিংসটা নাজিমউদ্দিন, পারানাভিতানা, ইন্ডিকা ডি সরম, মোসাদ্দেক হোসেন, তাপস ঘোষদের যৌথ প্রযোজনারই ফসল। সিসিএসের বিশ্বনাথের ৫ উইকেট পাওয়ার সাফল্য চাপা পড়ে গেল তাতে।



মোহামেডানে তিলকরত্নে দিলশান আর উপুল থারাঙ্গা আছেন, কিন্তু এই দুই শ্রীলঙ্কান তারকাও ম্লান আফগানিস্তানের মোহাম্মদ নবীর কাছে। ৮৩ রানে ৪ উইকেট পড়ার পরও যে মোহামেডান রানের পাহাড়ে উঠল, সেটার সব কৃতিত্ব এই নবীর। সেঞ্চুরি করেছেন ৭৬ বলে, শেষ পর্যন্ত ৯০ বলে ১৪৬। নবীর ৯ ছক্কা আর ১৩ বাউন্ডারির ইনিংস সম্পর্কে মোহামেডান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সহজ-সরল বক্তব্য, ‘সেই রকম মারা মেরেছে ও। নবীই তো বাঁচিয়ে দিল আমাদের।’তবে ব্যাটসম্যানদের স্বর্গধাম বগুড়ার উইকেটে ছেড়ে কথা বলেননি প্রাইম দোলেশ্বরের ব্যাটসম্যানরাও। দলের ৪ রানে ওপেনার রনি তালুকদার বিদায় নিলেও আরেক ওপেনার মেহেদী মারুফ (৫৫) ও তিলকরত্নে সাম্পাথের (৬৮) দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ১১২ রান। মেহেদী আউট হওয়ার ৫ ওভারের মধ্যে বিদায় নেন সাম্পাথও। তাঁর বিদায়টাও মজার। মুরাদ খানের হাতে ক্যাচ দিয়েছেন বড় ভাই তিলকরত্নে দিলশানের বলেই! ৩৭ রানে ৩ উইকেট নেওয়ায় দিলশানকেই হয়তো মোহামেডানের সফলতম বোলার বলতে হবে। তবে এত দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা মাশরাফির বোলিং বিশ্লেষণটাকেই বা (৭-২-৩২-২) ফেলে দেবেন কীভাবে! প্রথম স্পেলের ৪ ওভারের দুটি মেডেন, ৮ রানে ১ উইকেট। তবে ২ ওভারের পরের স্পেলে রান দিয়ে ফেলেছেন ২১। নিজের শেষ ওভারে ৩ রানে ১ উইকেট। লিগে প্রথম ম্যাচের পারফরম্যান্সে খুশিই মনে হলো মাশরাফিকে, ‘প্রথম দিকে কোনো সমস্যাই হয়নি। সমস্যা যা হয়েছে অতিরিক্ত গরমে। এই গরমের মধ্যেও পুরোটা সময় মাঠে থেকে ফিল্ডিং করেছি। এটা অবশ্য করেছি মাঠে থাকার অভ্যাসটা ফিরিয়ে আনার জন্যই।’রাজশাহীতে শেখ জামাল জিতলেও ৫ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন কলাবাগানের শ্রীলঙ্কান অফ স্পিনার জিহান মুবারক। পেতে পারতেন জুনায়েদ সিদ্দিকও। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি পাননি শেখ জামালের এই ব্যাটসম্যান। আউট হয়েছেন মুবারককেই ফিরতি ক্যাচ দিয়ে।
সং ক্ষি প্ত স্কো র
আবাহনী-সিসিএস, ফতুল্লা
আবাহনী: ৪৯.৪ ওভারে ২৪৭ (নাজিমউদ্দিন ৪১, শাহরিয়ার ৭, পারানাভিতানা ৩২, ডি সরম ৫২, মোসাদ্দেক ৩৯, তাপস ঘোষ ৩০, গুনারত্নে ১, ইফতেখার ১২, শাহাজাদা ৪, নাবিল ৩*, আল আমিন ২; তুষারা ৩/৪২, কামরুল ১/৩৪, আসিফ ০/৫১, মিলন ১/৪৮, বিশ্বনাথ ৫/৩৮, অমিত কুমার ০/৩৩)। সিসিএস: ২০.২ ওভারে ৩৫ (উত্তম ০, অমিত মজুমদার ২, রুপাসিংহে ৬, আসিফ ৩, সালমান ৬, নুরুল ৩, মিলন ৬, তুষারা ৪, কামরুল ১, বিশ্বনাথ ০, অমিত কুমার ০; আল আমিন ৬/১৬, গুনারত্নে ০/৭, নাবিল ৪/৪, মোসাদ্দেক ০/৫)।
ফল: আবাহনী ২১২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আল আমিন (আবাহনী)।

মোহামেডান-প্রাইম দোলেশ্বর, বগুড়া
মোহামেডান: ৫০ ওভারে ৩০৭/৮ (জুপিটার ১৩, দিলশান ২৫, থারাঙ্গা ১২, শামসুর ৪৫, রাজিন ১১, নবী ১৪৬, ধীমান ২৮, মাশরাফি ১১*, মুক্তার ০, সাকলাইন ১; ফরহাদ রেজা ২/৭৯, আশরাফুল হক ৩/৪৭, তাইজুল ০/৫৯, সোহাগ ১/৪৫, রবি ১/২৩, মমিনুল ০/৩৪, সাব্বির ১/১৮)। দোলেশ্বর: ৪৮.২ ওভারে ২৭৩ (মেহেদি ৫৫, রনি ১, সাম্পাথ ৬৮, মমিনুল ২২, সিলভা ৩৪, সাব্বির ১৪, ফরহাদ রেজা ১৪, রবি ২৪, সোহাগ ১, তাইজুল ১৯, আশরাফুল হক ০; মাশরাফি ২/৩২, মুক্তার ০/২২, সাকলাইন ০/৬৫, নবী ১/৬২, মুরাদ ৩/৫১, দিলশান ৩/৩৭)।
ফল: মোহামেডান ৩৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ নবী (মোহামেডান)।
শেখ জামাল-কলাবাগান কেসি, রাজশাহী
শেখ জামাল: ৪৯.৪ ওভারে ২৬২ (জহুরুল ২২, জুনায়েদ ৯৫, মুনাবীরা ১৫, মুশফিক ৪৩, তুষার ১৬, তানভীর ৯, নাহিদুল ১৯, সানি ২২*, রাজ্জাক ৬, শফিউল ৯, শুভাশিস ০; রাসেল ০/৩২, শাহাদাত ০/৪৮, মুবারক ৫/৩৩, সাজু ১/৪৬, ফরহাদ ১/২০, ডি সিলভা ১/৪৬, কাপুগেদারা ০/১৫, নাঈম ১/২২)। কলাবাগান: ৫০ ওভারে ২৪৬/৯ (মিঠুন ৩৯, নাসিরউদ্দিন ২৭, ফরহাদ হোসেন ৪১, মুবারক ৭, নাঈম ৫০, কাপুগেদারা ৪৬, নাদিফ ৩, রাসেল ৬, ডি সিলভা ৫, শাহাদাত ৮*, সাজু ২*; শফিউল ৩/৬৪, রাজ্জাক ১/৪২, মুনাবীরা ২/৪৮, সানি ২/৩৫, শুভাশিস ০/৩৭, তানভীর ০/১৩)।
ফল: শেখ জামাল ১৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জিহান মুবারক (কলাবাগান)।