৩৫০ ভালো স্কোর, বললেন তামিম
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের দুর্দান্ত জয়ের ধারাবাহিকতাটা বজায় রেখেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। চট্টগ্রামে আজ প্রথম টেস্টের প্রথম দিনে বেশ ভালো পারফরমেন্সই দেখিয়েছেন মুশফিক-তামিম-সাকিবেরা। দিন শেষে ৪ উইকেটের বিনিময়ে ২৫৫ রান জমা হয়েছে বাংলাদেশের স্কোরবোর্ডে। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এই স্কোর নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করেছেন তামিম ইকবাল। এখন এই স্কোরটাকে ৩২০-৩৫০ রান পর্যন্ত নিয়ে যেতে পারলেই শক্ত অবস্থান তৈরি করা যাবে বলে বিশ্বাস এ বাঁ-হাতি ওপেনারের।আজ সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেছেন, ‘অবশ্যই আজকে ব্যাট হাতে আমরা ভালো সাফল্য পেয়েছি। এই উইকেটে ব্যাট করাটা খুব সহজ না। কাজেই শেষ পর্যন্ত আমরা কত দূর যেতে পারব, তা এখনই বলা যাচ্ছে না। আমাদের লক্ষ্য থাকবে যতক্ষণ সম্ভব ব্যাট করা। আমার মনে হয় ৩২০ বা ৩৫০ রানই এই উইকেটে ভালো স্কোর।’টসে জিতে ব্যাট করতে নেমে ৫২ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছিলেন তামিম। এরপর রকিবুল ৪১ ও সাকিব ৪০ রান করে আউট হন। তবে দিন শেষে ৬৮ রানে অপরাজিত থেকে বাংলাদেশি শিবিরে বড় সংগ্রহ গড়ার আশা জাগিয়ে রেখেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। রয়টার্স।