৩৬-৩৪!
২০১০ সালে উইম্বলডনে টেনিস ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ম্যাচটি খেলেই দুনিয়াজোড়া নাম কিনেছিলেন দুই অখ্যাত জন ইসনার ও নিকোলাস মাহুত। গত রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আরও দুই অখ্যাত মিলে গড়ে ফেললেন নতুন রেকর্ড। ফ্লোরিডার ফিউচার ইভেন্টে মোনাকোর দুই খেলোয়াড় বেঞ্জামিন বালারেট ও গিয়োম কুলিয়ার্ড করেছেন টাইব্রেকের নতুন রেকর্ড। বিশ্বের ৬৩৬ নম্বর বালারেট টাইব্রেকে ৩৬-৩৪ পয়েন্টে হারিয়েছেন র্যাঙ্কিংয়ের বাইরে থাকা কুলিয়ার্ডকে। তৃতীয় রাউন্ডের এই ম্যাচে ৭-৬ (৩৬/৩৪), ৬-১ গেমে জিতেছেন বালারেট। খেলাটি রোববার হলেও রেকর্ডের খবরটি পরশুই টুইট করে জানিয়েছে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন।দুজন মিলে ৭০ পয়েন্ট খেলেছেন যেটা আগের রেকর্ডের প্রায় দ্বিগুণ। আগের রেকর্ডটি ছিল ৩৮ পয়েন্টের। যেটা হয়েছে তিনবার। সর্বশেষ ১৯৯৭ সালে লন্ডনের কুইন্স টুর্নামেন্টে ৩৮ পয়েন্টের টাইব্রেক খেলেছিলেন গোরান ইভানিসেভিচ ও গ্রেগ রুসেদস্কি। এ ছাড়া বিয়র্ন বোর্গ ও অ্যান্ডি রডিকও দুবার ৩৮ পয়েন্টের টাইব্রেক জিতেছেন। রয়টার্স।