৩৬৩ রানে পিছিয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সামনে রানের পাহাড়। ৪ উইকেটে ৫২৭ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশের ব্যাটিংও একেবারে মন্দ হয়নি। আজ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে মুশফিকুর রহিমের দলের সংগ্রহ ৩ উইকেটে ১৬৪ রান। ক্যারিবীয়দের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৩৬৩ রানে পিছিয়ে বাংলাদেশ। ফলোঅন এড়াতে ১৬৩ রান প্রয়োজন টাইগারদের।বাংলাদেশের পক্ষে লড়ে যাচ্ছেন নাঈম ইসলাম ও সাকিব আল হাসান। দিনশেষে অপরাজিত থাকা এই দুই ব্যাটসম্যানের সংগ্রহ যথাক্রমে ২৭ ও ১৬ রান।বাংলাদেশের ইনিংসের শুরুটা প্রথম থেকেই ছিল ঝড় তোলা। তামিম ইকবাল ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর, বিশেষ করে টিনো বেস্টের ওপর চড়াও হয়েছিলেন নির্মমভাবেই। ব্যাট হাতে আক্রমণ করে গেলেও উইকেটে টিকে থাকার যে চিরন্তন দুর্বলতা বাংলাদেশের ব্যাটসম্যানদের, ১১ মাস পরে টেস্ট খেলতে নেমে আবারও তা প্রমাণ করেছেন তাঁরা। তামিমের ইনিংসের কথাই ধরা যাক। তিনি ৭২ রানের একটি ইনিংস খেলেছেন। কিন্তু সেই ৭২ রান এসেছে মাত্র ৭১ বলে। এই ৭১ রান যদি এত দ্রুত না হয়ে আরও ধীরে আসত, তাহলে বোধ হয় স্বস্তিটা বেশি পাওয়া যেত। ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামির নিরীহ গোছের একটি লাফিয়ে ওঠা বলে পুল করতে গিয়ে সুনীল নারাইনের হাতে ধরা পড়েন তামিম।দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রামপলের বলে ব্রাভোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জুয়ায়েদ সিদ্দিকী (৭)। এর পর শাহরিয়ার নাফীসকে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন তামিম। নাফীস বেশিদূর যেতে পারেননি, আউট হন ব্যক্তিগত ৩১ রানে। দলীয় ১১৯ রানে তামিমও ফিরে গেলে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে আর কোনো উইকেটের পতন ঘটতে দেননি নাঈম ও সাকিব। অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটি করে বাংলাদেশকে লড়াইয়ের সাহস জোগাচ্ছেন তাঁরা। ৪ উইকেটে ৩৬১ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন শিবনারায়ণ চন্দরপল ১২৩ ও দিনেশ রামদিন ৫২ রানে অপরাজিত ছিলেন। আজ ডাবল সেঞ্চুরি তুলে নেন চন্দরপল। সেঞ্চুরি করেন রামদিন। তবে এই দুই ব্যাটসম্যানের কাউকেই আউট করতে পারেননি বাংলাদেশি বোলাররা। ইনিংস ঘোষণার সময় চন্দরপল ২০৩ ও রামদিন ১২৬ রানে অপরাজিত ছিলেন। গতকাল প্রথম দিনের খেলায় ১১৭ রান করে আউট হন কাইরন পাওয়েল।