৩৮ বছর পর লিগ কাপ সিটির

গত বছর ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি হেরে গিয়েছিল উইগান অ্যাথলেটিকের কাছে। পরশু লিগ কাপের (ক্যাপিটাল ওয়ান কাপ) ফাইনালেও একই মাঠে সান্ডারল্যান্ডের বিপক্ষে হার দেখছিল সিটি। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত অবশ্য সিটি জয় তুলে নিয়েছে ৩-১ গোলে। সিটি লিগ কাপ জিতল ৩৮ বছর পর। সান্ডারল্যান্ড ৪১ বছর আগে শেষবার লিগ কাপ ঘরে তুলেছিল। এবার খুব কাছে গিয়ে ফিরে আসতে হলো।
সিটির মতো জয়টা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির জন্যও। ইউরোপে ১০ বছরের কোচিং ক্যারিয়ারে সিটির চিলিয়ান কোচের এটাই বড় কোনো শিরোপা। দলের ফরাসি মিডফিল্ডার নাসরি ঘুচিয়েছেন ওয়েম্বলিতে আগের দুটি ফাইনালে হারের (২০১১ সালে আর্সেনালের হয়ে এই লিগ কাপেই, গত বছর সিটির হয়ে এফএ কাপে) হতাশা। এই ফাইনালে করেছেন একটি গোল। ১০ মিনিটে ফ্যাবিও বরিনির গোলে পিছিয়ে পড়েছিল সিটি। ইয়া তোরে দর্শনীয় গোলে সমতায় ফেরান ৫৫ মিনিটে। পরের মিনিটেই সিটিকে লিড এনে দেন নাসরি। ম্যাচের শেষ মিনিটে ব্যবধান আরও বাড়ান বদলি হিসেবে নামা নাভাস।
লিগ কাপ জিতে কোচ পেলেগ্রিনির চোখ এখন ইংল্যান্ডের ‘ট্রেবল’ জয়ের দিকে। সেটি অসম্ভবও নয়। ইংলিশ প্রিমিয়ার লিগে সিটি এখন চতুর্থ স্থানে, উঠেছে এফএ কাপের কোয়ার্টার ফাইনালেও।
ওদিকে পরশু ইতালিয়ান লিগে সান সিরোতে এসি মিলানকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। ফার্নান্দো লরেন্তে ও কার্লোস তেভেজের গোলে পাওয়া এই জয়ে জুভেন্টাস দ্বিতীয় স্থানে থাকা রোমার চেয়ে এগিয়ে গেল ১১ পয়েন্টে। জুভদের হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন আরও জোরালোই এখন। পরশু অন্য ম্যাচে গোলরক্ষক পেপে রেইনার আত্মঘাতী গোলে কপাল পুড়েছে নাপোলির, ১-১ গোলে ড্র করেছে লিভর্নোর সঙ্গে। এএফপি।