৩৮ মনোনয়নপত্রই বৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েননি কেউই। বিসিবির পরিচালক পদে নির্বাচনের জন্য গত পরশু জমা দেওয়া ৩৮টি মনোনয়নপত্রই কাল বৈধ বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ক্যাটাগরির ১০ পরিচালক পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৪ জন। ঢাকার ক্লাব ক্যাটাগরির ১২টি পরিচালক পদের নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা পড়ে ২১টি। আর বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে নিয়ে গড়া ৩ নম্বর ক্যাটাগরির নির্বাচনের জন্য মনোনয়নপত্র পড়েছে ৩টি। এই শ্রেণী থেকে পরিচালক হবেন একজন।
আগামী ১০ অক্টোবর বিসিবির নির্বাচন। তার আগে আগামীকাল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। ক্লাব ক্যাটাগরিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা কমই ছিল। কিন্তু গাজী ট্যাংকের কাউন্সিলর লুৎফর রহমান শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা দেওয়ায় হিসাবটা এখন অন্য রকম। যত দূর জানা গেছে, লুৎফর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। তবে এই ক্যাটাগরির বাকি ২০ প্রার্থীর আটজনই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারেন বলে কাল আভাস দিয়েছেন বিসিবির বর্তমান অস্থায়ী কমিটির সদস্য ও ব্রাদার্সের কাউন্সিলর ইসমাইল হায়দার মল্লিক, ‘প্যানেলের ১২ জন ছাড়া আমাদের বাকিরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।’
এই আটজনের মধ্যে থাকার সম্ভাবনা আছে স্বয়ং বর্তমান সভাপতি নাজমুল হাসান, আহমেদ সাজ্জাদুল আলম ও ইসমাইল হায়দার মল্লিকের। তবে গুঞ্জন রয়েছে, মনোনয়নপত্র প্রত্যাহার করে তাঁরা সরাসরি এনএসসি মনোনীত পরিচালক হয়ে বোর্ডে আসতে পারেন। যদিও অন্য একটি সূত্র জানিয়েছে, প্রতিপক্ষ না থাকায় নাজমুল হাসান হয়তো সাধারণ পরিষদে নির্বাচিত হয়েই বোর্ডে আসতে চাইবেন। সে ক্ষেত্রে এনএসসি থেকে আহমেদ সাজ্জাদুল আলম আর ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাউন্সিলর নজিব আহমেদের সম্ভাবনার কথা বলেছেন কেউ কেউ।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর ক্যাটাগরিতে নির্বাচন হতে পারে শুধু ঢাকা ও রাজশাহী বিভাগে। ৩ নম্বর ক্যাটাগরিতে কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পাল সম্ভবত প্রত্যাহার করে নেবেন তাঁর মনোনয়নপত্র। তার পরও এই শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন সাবেক দুই অধিনায়ক গাজী আশরাফ হোসেন ও খালেদ মাহমুদ।
তবে এ সবকিছুই নির্ভর করবে আদালতের ওপর। নতুন তফসিল ঘোষণা এবং নির্বাচনের জন্য যুক্তিসংগত সময় চেয়ে আপিল বিভাগের কাছে যে আবেদন করেছেন ফোরাম সভাপতি ইউসুফ জামিল, সেটার শুনানি হওয়ার কথা আজ।