৩৮ রানে জিতেছে দিল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক বীরেন্দর শেবাগের ৮০ রানের ঝোড়ো ইনিংসের পর বোলারদের অসাধারণ বোলিং নৈপুণ্যে কোচি টাসকার্স কেরালার বিপক্ষে ৩৮ রানের সহজ জয় পেয়েছে দিল্লি ডেয়ার ডেভিলস। ১৫৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে সাত বল বাকি থাকতেই কোচির ইনিংস শেষ হয়ে যায় ১১৯ রানে।বল হাতে শুরু থেকেই আগুন ঝরাতে শুরু করেছিলেন দিল্লির দুই উদ্বোধনী বোলার ইরফান পাঠান ও মরনে মরকেল। প্রথম তিন ওভারের মধ্যেই তাঁরা সাজঘরে ফেরান ব্রেন্ডন ম্যাককালাম, মাইকেল ক্লিঞ্জার ও পার্থিব প্যাটেলকে। দশম ওভারে মাত্র ৫০ রানের মাথায় অজিত আগারকার, কোচি অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের উইকেট তুলে নিলে বিপদে পড়ে যায় আইপিএলের নবাগত দলটি। এরপর উল্লেখযোগ্য কোন পার্টনারশিপ গড়ে তুলতে পারেননি কেউই। শেষ মুহূর্তে এক ওভারে তিনটি উইকেট নিয়ে কোচিকে ১১৯ রানেই গুটিয়ে দেন ভন ডার মারউই। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দিল্লি। প্রথম সাত ওভারের মধ্যে মাত্র ৩৫ রান সংগ্রহ করতেই একে একে ফিরে যান ডেভিড ওয়ার্নার, নামান ওঝা ও বেনুগোপাল রাও। এরপর অসাধারণ দৃঢ়তা নিয়ে ব্যাট চালাতে থাকেন অধিনায়ক বীরেন্দর শেবাগ। চতুর্থ ও পঞ্চম উইকেট জুটিতে যোগেশ নাগার ও ট্রাভিস বার্টকে সঙ্গে নিয়ে যোগ করেন ৫৬ ও ৪১ রান। ১৮তম ওভারে বিনয় কুমারকে উড়িয়ে মারতে গিয়ে ব্র্যাড হজের হাতে ধরা পরেন এই বিধ্বংসী ওপেনার। তত্ক্ষণে তিনি অবশ্য খেলে ফেলেছেন ৪৭ বলে ৮০ রানের দুর্দান্ত এক ঝোড়ো ইনিংস। শেষ পর্যন্ত বার্টের ১৩ বলে ২০ ও ইরফান পাঠানের সাত বলে ১৩ রানের ইনিংস দুটির সুবাদে দিল্লি স্কোরবোর্ডে জমা হয় ১৫৭ রান।কোচির পক্ষে চার ওভার বল করে মাত্র ১০ রানের বিনিময়ে দুটি উইকেট নিয়েছেন শ্রীশান্ত।