৩৮৯-এ থামল জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারারে টেস্টে জিম্বাবুয়ের পক্ষে প্রায় একাই লড়াই চালিয়েছেন অধিনায়ক ব্রেন্ডন টেলর। ডানহাতি এই ব্যাটসম্যানের বাধা পেরোতেই গলদঘর্ম হতে হয়েছে বাংলাদেশের বোলারদের। টেলরের ১৭১ রানের চমত্কার ইনিংসটির কল্যাণেই জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৮৯ রানে। জিম্বাবুয়ের মোট সংগ্রহ থেকে টেলরের ১৭১ বাদ দিলে বলার মতো সংগ্রহ কেবল ম্যালকম ওয়ালারের ৫৫। অথচ, টেলর যখন ৩৫ রানে, তখন তাঁর ক্যাচ ফেলে দিয়েছিলেন শাহরিয়ার নাফীস। জিম্বাবুয়ে অধিনায়কের দারুণ ইনিংসটি দেখতে দেখতে নিজেকে নিশ্চয়ই খুব ‘অপরাধী’ মনে হচ্ছিল নাফীসের।জিম্বাবুয়ের ইনিংসে সফল বাংলাদেশের প্রায় সব বোলারই। তিনটি করে উইকেট নিয়েছেন রবিউল ইসলাম ও এনামুল হক জুনিয়র। দুটি করে উইকেট রুবেল হোসেন ও সোহাগ গাজীর। ইনজুরি থেকে ফেরা সাকিব সাত ওভার বল করলেও উইকেটের দেখা পাননি। তবে তিনটি মেডেনসহ তাঁর খরচ মাত্র ১৪ রান।গতকাল প্রথম দিনে নো বলের দুর্ভাগ্যে এলটন চিগুম্বুরাকে ফেরাতে পারেননি রুবেল হোসেন। আজ দ্বিতীয় দিনের শুরুতেই তাঁকে আউট করে বাংলাদেশ শিবিরে স্বস্তির সুবাতাস বইয়ে দিয়েছিলেন এই ডানহাতি বোলার। রুবেলের পাশাপাশি রবিউল ফিরিয়েছেন রিচমন্ড মতুমবামিকে। শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে দ্বিতীয় দিনের শুরুটা ভালোভাবেই করেছিল সফরকারী বাংলাদেশ। নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিংকে ঠেলে দিয়েছিল ব্যাকফুটে। কিন্তু টেলর বাধা অতিক্রম করতে বেশ ভালোই ঘাম ঝড়াতে হয়েছে বাংলাদেশি বোলারদের। প্রথম দিনের মতো আজও বাংলাদেশের দুঃস্বপ্নে পরিণত হয়েছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর। সপ্তম উইকেটে গ্রায়েম ক্রেমারকে সঙ্গে নিয়ে ১০৬ রানের ধৈর্য্যশীল জুটি গড়েন এই ডানহাতি ব্যাটসম্যান। দলের সংগ্রহটা বড় করার সর্বোচ্চ চেষ্টাই করেছেন তিনি। দলীয় ৩৪৪ রানের মাথায় এই জুটি ভেঙ্গে বাংলাদেশকে খেলায় ফেরানোর ইঙ্গিত দেন সোহাগ গাজী। ৪২ রান করে ফিরে যান ক্রেমার। পরবর্তী ওভারে ব্রেন্ডন টেলরের উইকেটটাও তুলে নিয়ে বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে যান এনামুল হক জুনিয়র। নবম উইকেট জুটিতে ১৬ ওভার ব্যাটিং করেছেন সিগনি মাসাকাদজা ও কিগান মেথ। এই জুটি থেকে এসেছে ৩৭ রান। চা বিরতির পর খুব দ্রুতই এই দুই ব্যাটসম্যানকে আউট করেন এনামুল ও সোহাগ গাজী। ৩৮৯ রানে শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস।