৩৯ রানের হার বাংলাদেশের
জিম্বাবুয়ের কাছে ১১ রানে হারের পর দক্ষিণ আফ্রিকার কাছেও হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭০ রানে শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। ৩৯ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মুশফিক বাহিনীকে।জয়ের জন্য ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালোমতো করতে পারেনি বাংলাদেশ। প্রথম ৯ ওভারের মধ্যে মাত্র ৪৯ রানেই ফিরে যান আনামুল হক, মোহাম্মদ আশরাফুল, জহুরুল ইসলাম ও নাসির হোসেইন। এর মধ্যে একাই ৩৩ রান করেছিলেন আশরাফুল। পঞ্চম উইকেটে ৬১ রানের জুটি গড়ে বেশ ভালোই লড়াই চালিয়েছিলেন মাহমুদুল্লাহ ও অধিনায়ক মুশফিকুর রহিম। ১৬তম ওভারে ৩৪ রান করে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মুশফিক।এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করে বাংলাদেশি বোলারদের তটস্থ করে রেখেছিলেন দুই প্রোটিয়া ওপেনার হাশিম আমলা ও রিচার্ড লেভি। উদ্বোধনী জুটিতে তাঁরা যোগ করেছিলেন ৭০ রান। সপ্তম ওভারে লেভিকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশি শিবিরে কিছুটা স্বস্তি ফিরিয়েছেন জিয়াউর রহমান। কিন্তু দ্বিতীয় উইকেটে আবার ৬৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে হতাশায় ডোবান আমলা ও কলিন ইনগ্রাম। ১৪তম ওভারে রানআউটের ফাঁদে পড়ে বিদায় নেন ইনগ্রাম। তৃতীয় উইকেটে অ্যালবি মরকেলকে সঙ্গে নিয়ে আবারও ৫০ রান যোগ করেন আমলা। শেষ পর্যায়ে জেপি ডুমিনি খেলেন ৭ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস। শুরু থেকেই অধিনায়ক হাশিম আমলার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে জয়ের জন্য বাংলাদেশকে ২১০ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৫৩ বলে ৮৮ রানের অসাধারণ এক ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আমলা।