কালকেই খবর এল, শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর দেশটির ক্রীড়ামন্ত্রী বড্ড নাখোশ। কেন শ্রীলঙ্কা এভাবে ব্যর্থ হচ্ছে, প্রথম ওয়ানডেতে ৪৩ রানেই গুটিয়ে গেল কেন—তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন মাহিন্দানন্দা আলুথগামাগে। এমন কোণঠাসা অবস্থাতে কাল ব্লুমফন্টেইনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি হয়নি। তবে এই প্রথম সিরিজে লড়াইটা অন্তত করছে। প্রথমে ব্যাট হাতে ৯ উইকেটে ২৬৬ রান তুলেছিল। ২৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলেছে ১১৯ রান। ৫৬ রানে ব্যাট করছিলেন ফ্যাফ ডু প্লেসিস। ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা প্রোটিয়ারা তাঁর ব্যাটেই ঘুরে দাঁড়িয়েছে। হাশিম আমলা ছুটিতে, বিশ্রামে জ্যাক ক্যালিস। প্রতিপক্ষের সেরা দুই ম্যাচ উইনার নেই, সিরিজে টিকে থাকতে এটাই সেরা সুযোগ শ্রীলঙ্কার। দক্ষিণ আফ্রিকার অসাধারণ ফিল্ডিং আর কয়েকজন ব্যাটসম্যান বাজে শটে আউট না হলে আরও স্বাস্থ্যবান হতো লঙ্কানদের ইনিংসটা। একমাত্র থারাঙ্গাই ফিফটি পেলেও বাকি টপ-মিডল অর্ডারের সবার মাঝারি ইনিংসগুলোই ভালো সংগ্রহ এনে দিয়েছে শ্রীলঙ্কাকে। ওয়েবসাইট।