৪ ঘণ্টা ৪৪ মিনিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের স্কোর: ৬-৪, ১-৬, ১৬-১৪। খেলা শেষ হতে লেগেছে ৪ ঘণ্টা ৪৪ মিনিট। শেষ সেটটিই চলেছে পাক্কা তিন ঘণ্টা। গ্র্যান্ড স্লামের ইতিহাসে মেয়েদের দীর্ঘতম ম্যাচের রেকর্ডটিও কাল হয়ে গেল অস্ট্রেলিয়ান ওপেনে। ইতিহাস গড়া এই ম্যাচে রাশিয়ার সভেৎলনা কুজনেৎসভাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন ইতালির ফ্রান্সেসকা শিয়াভোনে।গ্র্যান্ড স্লামে মেয়েদের টেনিসের আগের দীর্ঘতম ম্যাচটিও ছিল গত বছর এই অস্ট্রেলিয়ান ওপেনেই। বারবোরা জাহ্লাভোভা স্ট্রাইকোভা ও রেজিনা কুলিকোভার গড়া সেই রেকর্ড ভেঙে জেতার পর ক্লান্ত শিয়াভোনের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া, ‘একদিন আমি এই (ম্যাচের) ডিভিডিটা আমার ছেলেকে দেখাতে চাই।’গত বছর ফ্রেঞ্চ ওপেনজয়ী শিয়াভোনে জয়ের পথে ৬টি ম্যাচ পয়েন্ট বাঁচিয়েছেন। শেষ সেটে ১৪-১৪ অবস্থায় এসেছে ম্যাচের নির্ধারণী পয়েন্টটি। দুর্দান্ত এক ভলিতে সার্ভিস ব্রেক করেছেন শিয়াভোনে। এর আগে দুবার নিজের সার্ভিস জিতলেই ম্যাচ—এমন অবস্থায়ও পারেননি। এবারও শিয়াভোনে ০-৩০ পয়েন্টে পিছিয়ে পড়ায় ম্যাচ আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য সমাপ্তির মুখ দেখেছে এই মহারণ।ম্যাচ শেষে নেটের দুই পাশ থেকে শুধু হাতই মেলাননি, একে অন্যকে জড়িয়েও ধরেছেন শিয়াভোনে ও কুজনেৎসভা। হয়তো ক্লান্তিতেই। পরে সংবাদ সম্মেলনে শিয়াভোনে বলেছেন, ‘আমার জীবনের সবচেয়ে আবেগময় মুহূর্তগুলোর একটি। এ ধরনের পরিস্থিতিতে প্রতিটি পয়েন্টকেই মনে হয় ম্যাচ পয়েন্ট। শারীরিকভাবে আপনি কতটা ক্লান্ত সেটি তো টের পাবেনই, তবে অন্যজনও তো তা-ই। মানসিকভাবেও একই ব্যাপার। যখন মনে হবে “না, আমি আর পারব না”, তখনো সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করে যেতে হয়। শেষ পর্যন্ত বাড়তি কিছু ঠিকই থাকে।’কুজনেৎসভা নিজেও দুটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত আর ইতালিয়ান লৌহমানবীর সঙ্গে পেরে ওঠেননি। স্কোর কত, কার সার্ভিস—এ সবই যে গোলমাল হয়ে যাচ্ছিল তাঁর! তথ্যসূত্র: ওয়েবসাইট।