৪ নম্বরে ব্যাট করতে চাননি টেন্ডুলকার

‘আমি ঈশ্বরকে দেখেছি। তিনি ভারতের হয়ে ৪ নম্বরে ব্যাট করেন।’ ম্যাথু হেইডেনের এই উক্তিটা ক্রিকেট বিশ্বে চিরস্মরণীয়ই হয়ে থাকবে। প্রায় দুই যুগ ধরে ভারতীয় ব্যাটিং অর্ডারের ৪ নম্বর জায়গা আর টেন্ডুলকার যেন হয়ে গিয়েছিলেন সমার্থক। তবে সেটা টেস্ট ক্রিকেটে। ওয়ানডেতে সেই ৪ নম্বরেই ব্যাট করার অনুরোধ করায় কিছুটা অসন্তুষ্টই নাকি হয়েছিলেন লিটল মাস্টার। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
১৯৮৯ সালে অভিষেকের পর ৪৬৩টি ওয়ানডে খেলেছেন টেন্ডুলকার। ব্যাট হাতে মাঠে নেমেছেন ৪৫২টি ম্যাচে। এর মধ্যে ৩৪০টি ম্যাচেই তাঁকে দেখা গেছে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে। একদিনের ক্রিকেটে এই অবস্থানে কতটা অভ্যস্ত হয়ে পড়েছিলেন, সেটা এই পরিসংখ্যান থেকেই আঁচ করা যায়। সেই টেন্ডুলকারকেই ২০০২-০৩ মৌসুমে দলের প্রয়োজনে ৪ নম্বরে ব্যাট করার প্রস্তাব দিয়েছিলেন ভারতের তত্কালীন অধিনায়ক গাঙ্গুলি। অসন্তুষ্ট হলেও খুব দ্রুতই আগের অবস্থান ফিরিয়ে দেওয়ার আশ্বাস পেয়ে রাজি হয়েছিলেন শচীন। সে সময়ের কথা স্মরণ করে গাঙ্গুলি বলেছেন, ‘আমি বলেছিলাম, অল্প সময়ের জন্য এটা করো। অবশ্যই তোমাকে আবার ওপরে নিয়ে আসা হবে। দেখা যাক এটা কেমন হয়। সবকিছু ঠিকঠাক আছে এটা দেখার পর কোনো সমস্যা হয়নি। ২০০৩ বিশ্বকাপে কিছুটা টালমাটাল পরিস্থিতি হওয়ার পর আবার তাঁকে আগের জায়গায় ফিরিয়ে আনা হয়।’ ৪ নম্বরে ব্যাট করে টেন্ডুলকার খেলেছিলেন ৬১টি ওয়ানডে। চারটি সেঞ্চুরিসহ করেছিলেন ২০৫৯ রান।
গাঙ্গুলির সঙ্গে ৩৪১টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন টেন্ডুলকার। এর মধ্যে ১৪৩টি ম্যাচে অধিনায়ক ছিলেন গাঙ্গুলি।