জয়, না হলে অন্তত ড্র। কিন্তু লেবাননে গিয়ে কোনো চাওয়াই পূরণ হলো না ফুটবলারদের। বিশ্বকাপ ফুটবল প্রাক-বাছাইপর্বের প্রথম লেগের খেলায় আজ রাতে লেবাননের কাছে ৪-০ গোলে হেরে গেছে বাংলাদেশ।আসছে ২৮ জুলাই ফিরতি লেগে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলবে লেবানন। দ্বিতীয় রাউন্ডের দুই লেগ মিলিয়ে জয় পেলে এশিয়ার সেরা বিশে ঢুকে যাবে বাংলাদেশ। এর আগে কখনোই বিশ্বকাপ বাছাইপর্বের সেরা বিশে খেলার সুযোগ পায়নি লাল-সবুজের দেশ। তবে প্রথম লেগে আজকের বড় হারের পর স্বপ্নটা হয়তো স্বপ্নই থেকেই যাবে বাংলাদেশের।লেবাননের চেয়ে র্যাঙ্কিংয়ে চৌদ্দ ধাপ এগিয়ে বাংলাদেশ। এগিয়ে সাম্প্রতিক ফলাফলের দিক থেকেও। এর পরও পিছিয়ে থাকা দলটির সামনে পাত্তাই পেল না বাংলাদেশ। খেলার মাত্র ১৬ মিনিটে স্বাগতিকদের হয়ে গোলের সূচনা করেছিলেন হাসান মাতুক। ২৭ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মাহমুদ আল আলী। দ্বিতীয়ার্ধে গুনে গুনে আরও দুবার বাংলাদেশের জালে বল জড়ান লেবাননের ফুটবলাররা—৫৫ মিনিটে আলী আল সাদি আর ৬৪ মিনিটে তারিক আল আলী।দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে এ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার মোহাম্মদ সুজন। নিয়মিত অধিনায়ক ও গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য খেলেননি। বিপ্লবের জায়গায় গোলরক্ষকের দায়িত্ব পালন করেন মামুন খান।