৪-০ থেকে ৪-৪!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানি-সুইডেনের ম্যাচে যা হয়েছে, সেটা নাটক তো অবশ্যই, অবিস্মরণীয় নাটক! একপর্যায়ে ৪-০ গোলে এগিয়ে যাওয়া জার্মান খেলোয়াড়দেরই মাঠ ছাড়তে হয়েছে হতাশায় মাথা নিচু করে। শেষ ৩৪ মিনিটে জার্মানির জালে চার-চারবার বল জড়িয়েছে সুইডেন। ৪-৪ গোলে ড্র!ফুটবলে অনেক রূপকথা আছে। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর ইতিহাস তো ভূরি ভূরি। কিন্তু ৪-০-তে পিছিয়ে পড়েও ৪-৪ করে ফেলা অবিশ্বাস্যই। মিরোস্লাভ ক্লোসার জোড়া গোলের সঙ্গে মার্টেসেকারের গোলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় জার্মানি। ৫৬ মিনিটে মেসুত ওজিল করেন ৪-০। বার্লিন তখন আরেকটি একতরফা ম্যাচ দেখার অপেক্ষায়। কিন্তু ওই ম্যাচটিরই এমন নাটকীয় সমাপ্তি ভাবা যায়নি!কিন্তু এরিক হামরেনের শিষ্যরা ৪-৪ করে রূপকথাই লিখে ফেলল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমতাসূচক গোল করে সুইডিশ রূপকথার নায়ক হয়ে গেলেন মিডফিল্ডার র্যা সমাস এলম। তবে রূপকথার মতো এই ঘুরে দাঁড়ানোর নায়ক আসলে জ্লাতান ইব্রাহিমোভিচ। ইব্রাহিমোভিচের ৬২ মিনিটের গোলই সুইডিশদের জোগায় আত্মবিশ্বাস। তাতে উজ্জীবিত হয়ে ৬৪ মিনিটে মিকায়েল লাস্টিগ করেন ৪-২, ৭৬ মিনিটে ইয়োহান এলমান্ডার ৪-৩। এরপর এলম তো লিখে ফেলেন রূপকথাই। ড্র করেও সুইডিশরা তাই মেতেছে বিশ্বজয়ের আনন্দে। জার্মানরা বাকরুদ্ধ!উচ্ছ্বসিত সুইডিশ কোচ এরিক হামরেন মূল কৃতিত্বটা দিয়েছেন অধিনায়ক ইব্রাহিমোভিচকেই। কিন্তু ইব্রাহিমোভিচ খুঁজে পাননি কীভাবে এই অসম্ভব সম্ভব হলো সেই ব্যাখ্যা, ‘আমি জানি না এর ব্যাখ্যা সম্ভব কি না। ৪-০-তে পিছিয়ে পড়ার পর, আমি জানতাম না ম্যাচের আর কত সময় বাকি ছিল। হয়তো আধা ঘণ্টা, বা ৩৫ মিনিট। কাজেই আমরা অনেকেই জানতাম না ম্যাচটি কীভাবে শেষ হচ্ছে। কিন্তু আমরা এটা করেছি।’ব্যাখ্যা খুঁজে পাননি জার্মান কোচ জোয়াকিম লো-ও। সেটি ৪-০-তে এগিয়ে যাওয়ার পরও ম্যাচ হাতছাড়া হওয়ার ব্যর্থতার, ‘প্রথম ৬০ মিনিট আমরা ছিলাম দুর্দান্ত। শেষ ৩০ মিনিটে ছিলাম অবিশ্বাস্য রকমের দুর্বল।’এই ড্রয়ের পরও অবশ্য ‘সি’ গ্রুপে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে জার্মানি। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে সুইডেন। এএফপি।