৪-০ মনে নেই টেলরের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু পানি পানে কাজ হচ্ছে না। প্রচণ্ড গরম থেকে বাঁচতে মাথায় তোয়ালেও চাপালেন রস টেলর  প্রথম আলো
শুধু পানি পানে কাজ হচ্ছে না। প্রচণ্ড গরম থেকে বাঁচতে মাথায় তোয়ালেও চাপালেন রস টেলর প্রথম আলো

পরিসংখ্যানের দিকে এমনিতেই খুব বেশি ক্রিকেটারের ঝোঁক নেই। কেউ ইচ্ছে করেই ওসব মাথায় ঢুকতে দেন না, কারও সত্যি আগ্রহ নেই, কেউ বা আবার ভুলে যান। রস টেলরও এর কোনো এক দলেই পড়বেন। তবে এতটা ‘গোল্ডফিশ মেমোরি’ নিশ্চয়ই নয় যে ‘৪-০’ ভুলে যাবেন!
এই সিরিজের সূচি চূড়ান্ত হওয়ার পর থেকেই বারবার ঘুরেফিরে আসছে ২০১০ সালে নিউজিল্যান্ডের সেই ধবলধোলাই। দুই দলের প্রতিটি সংবাদ সম্মেলন বা সাধারণ আলাপচারিতায় এটি অবধারিত প্রসঙ্গ। টেলরের সঙ্গে কথোপকথনেও শুরুর দিকেই থাকল ৪-০। স্মৃতি হাতড়ে হঠাৎই যেন মনে পড়ে গেল কিউই ব্যাটসম্যানের, ‘ওহ্...ওটা তো আমি পুরোপুরিই ভুলেই গিয়েছিলাম, আপনারা মনে করিয়ে দিলেন!’
ওই ৪-০ শুধুই একটি পরিসংখ্যান, দুটি সংখ্যা বা সিরিজের ফল নয়, ভেট্টোরি-ম্যাককালাম-টেলরদের মনে সেটা দগদগে ঘা হয়ে থাকার কথা তিন বছর পরও। নিউজিল্যান্ডের ক্রিকেটমহলও কি ভুলতে পেরেছে এতটুকুও? বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর তোলপাড় পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেটে। স্পনসররা মুখ ফিরিয়ে নিয়েছিল, অর্থসংকটে নিমজ্জিত হয়েছিল বোর্ড, আরও গতিশীল ও পেশাদারি করে তুলতে গঠনতন্ত্র পরিবর্তন করে ওলট-পালট করা হয়েছিল বোর্ডে। সেই সিরিজকে এখনই ভুলে যাওয়ার কোনো কারণ নেই।
হতে পারে লজ্জার ইতিহাসে বিব্রত হয়ে বা প্রসঙ্গটা বারবার ফিরে আসায় বিরক্ত হয়েই ওভাবে বলেছেন টেলর। মজা করেও বলে থাকতে পারেন। যেমন পরক্ষণেই দারুণ সমীহ করলেন বাংলাদেশকে। প্রকারান্তরে দেশের মাটিতে বাংলাদেশকে এগিয়েই রাখলেন নিজেদের থেকে, ‘দেশের মাটিতে বাংলাদেশ বরাবরই ভালো খেলে। শুধু প্রতিদ্বন্দ্বিতা গড়া নয়, ওদের চাপে ফেলতে হলেও নিজেদের সেরাটা খেলতে হবে আমাদের।’
নিউজিল্যান্ড দলের কাছে সিরিজটির নাম হতে পারে ‘মিশন প্রতিশোধ।’ ধবলধোলাই লজ্জার ক্ষতে প্রলেপ লাগাতে পারে কেবল তেমন কিছুই ফিরিয়ে দেওয়া। ওই সিরিজেও খেলা টেলর অবশ্য প্রতিশোধের কথায় হাসলেন, ‘মোটেও প্রতিশোধজাতীয় কিছু নয়। আর ওটা ছিল ওয়ানডে সিরিজ, এটা টেস্ট। দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজে সম্ভবত আমরা ১-০-তে জিতেছিলাম।’ এই প্রতিক্রিয়া হতে পারে নিজেদের ওপর চাপ না বাড়ানোর প্রক্রিয়া। মুখে যা-ই বলুন, মনে প্রতিশোধের আগুন না জ্বলে পারেই না!
মনের আগুন আপাতত সুপ্ত রাখলেও বাইরের তাপে ঠিকই দগ্ধ হচ্ছিলেন টেলর। কথা বলার সময় গরমে ঘামছিলেন দরদর করে, মুখ মুছতে হচ্ছিল বারবার। কদিনের টানা বৃষ্টির পর কাল সকাল থেকেই চকচকে রোদ। কালই প্রথম মাঠে পুরোপুরি অনুশীলন করতে পারল কিউইরা। মেঘ ফুঁড়ে বেরোনো রোদকে প্রকৃতির আশীর্বাদই মনে হচ্ছিল টেলরের, ‘সত্যি বলতে ভাবতেও পারিনি সকালে ঘুম ভেঙে সূর্যের মুখ দেখব। সবাই তরতাজা হয়ে উঠেছে।’
মাঠে ব্যাটে-বলের প্রস্তুতির সঙ্গে চলছে প্রযুক্তির প্রস্তুতিও। বোলিং কোচ শেন বন্ড আগের দিন বলেছিলেন বাংলাদেশ দলের সবার ভিডিও বিশ্লেষণ করার কথা। কালও টেলরও বললেন, ‘১ থেকে ১১, সবার জন্যই পরিকল্পনা আছে আমাদের। তামিম বিশ্বমানের এক ব্যাটসম্যান, সাকিব তো আছেই। আমাদের বিপক্ষে রাজ্জাক অনেক সাফল্য পেয়েছে, গাজীকে না খেললেও ভিডিও ফুটেজ অনেক দেখছি আমরা। মাহমুদউল্লাহও আমাদের বিপক্ষে ভালো খেলেছে, হ্যামিল্টনে দারুণ একটি সেঞ্চুরি করেছে। সবার জন্যই পরিকল্পনা আছে আমাদের।’
ব্যাটসম্যানদের জন্য যেমন, তেমনি বাংলাদেশের স্পিন আক্রমণ সামলানোরও পরিকল্পনা আছে, ‘নিউজিল্যান্ড দল যতবারই উপমহাদেশে আসে, সবার আগে স্পিন খেলার প্রসঙ্গটাই ওঠে। স্পিনে আক্রমণাত্মক ব্যাটিংটা আমাদের হয়তো সহজাত নয়। আমরা নিজেদের ফর্মুলামতোই ব্যাটিং করার চেষ্টা করব। আশা করি সফলও হব।’
স্পিনে ব্যাটিং কিউইদের সহজাত না হলেও টেলরের কিন্তু সহজাতই। শুধু সিনিয়র ব্যাটসম্যানই নন, স্পিনে দলের সেরা ব্যাটসম্যানও তিনিই। নিজের দিনে একাই গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য। ৪-০-কে সত্যিই ভুলিয়ে দিতে পারে টেলরের ব্যাট!