ওয়ানডে সিরিজের শুরুতে দুশ্চিন্তার অনেক কারণ ছিল। সাকিব আল হাসান নেই। দলে বেশ কজন নতুন খেলোয়াড়। তার ওপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টেই সম্ভাবনা জাগিয়ে জিততে পারিনি, সীমিত ওভারের ক্রিকেটে তো তারা আরও দুর্ধর্ষ!খুলনায় প্রথম ওয়ানডে জেতার পর উবে গেল সব শঙ্কা। এশিয়া কাপের পর থেকে ওয়ানডে ক্রিকেটে এমনিতেই আমরা আত্মবিশ্বাসী। সঙ্গে যোগ হলো টেস্ট সিরিজ থেকে নিয়ে আসা ভালো খেলার আত্মবিশ্বাসও। সাকিবের অনুপস্থিতিজনিত টেনশনও দূর হয়ে গেল। আর যাদের নিয়ে দুশ্চিন্তা ছিল, সেই নতুনেরা তো নিজেরাই পারফরমার! একসঙ্গে তিন-চারজনের অভিষেক আমাদের দলে শেষ যে কবে হয়েছে, মনে করতে পারছি না। তারা সবাই খুব ভালো খেলল অভিষেক সিরিজটাতে।তবে আমার কেন যেন মনে হয়, আরেকটু আত্মবিশ্বাসী হলে সিরিজটা ৪-১ এও জেতা যেত। কিন্তু প্রথম দুই ম্যাচ জেতার পরও আমরা আত্মবিশ্বাসটা সে জায়গায় নিতে পারিনি। শুধু মনে হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজ বড় দল। বড় বড় খেলোয়াড় দলে। ওরা নিশ্চয়ই দারুণভাবে ফিরে আসবে। এই চিন্তাটাই মাঝখানে আমাদের পিছিয়ে দিয়েছিল। একটা ম্যাচ হারার পরই নিজেদের ফিরে পাওয়া উচিত ছিল আসলে।সিরিজের মাঝখানে মুশফিক একবার বলেছিল, ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের হাতে ‘পাওয়ার’ থাকলে আমাদের আছে ‘স্কিল’। আমারও তাই মনে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ দলে এক চন্দরপল ছাড়া সে রকম ভালো স্কিলের ব্যাটসম্যান কই? সবাই মেরে খেলতে চায়। টি-টোয়েন্টিতে এভাবে আপনি পার পেয়ে যেতে পারেন, ওয়ানডেতে নয়। ৫০ ওভারের ক্রিকেটে মাঝে মাঝে উইকেটে পড়ে থাকার ব্যাটসম্যানও লাগে। ওয়ানডেতে উইকেট আঁকড়ে থেকে বড় ইনিংস খেলার মতো ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের ছিল না। আমি তাই সব সময় চেয়েছি, ওরা আমাদের ভালো বলগুলোকে মারুক। আমাদের বোলাররা খারাপ বল কম করাতে ঝুঁকিটা তাদের নিতেই হয়েছে।আমরা ৫-০তে হারব, ওয়ানডে সিরিজ শুরুর আগে এই ফলাফলটাই ছিল স্বাভাবিক কল্পনা। সাকিব নেই, ওরা টি-টোয়েন্টির বিশ্বকাপ জেতা দল। আমাদের ওপর তাই প্রত্যাশার চাপ ছিল না। সামান্য দুশ্চিন্তা থাকলেও খুব বেশি ঘাবড়ে যায়নি দলের কেউ। উল্টো নতুনদের দেখলাম অনেক বেশি আত্মবিশ্বাসী। শেষ ওয়ানডেতে মমিনুলের ২৫ বা সোহাগের ১৯ রানের ইনিংস দুটির কথা ভাবুন। বিশেষ করে সোহাগের কথা বলব। ও যখন ওই ব্যাটিং করে, তখন আরও ৩১ রানের মতো দরকার ছিল আমাদের। অথচ সোহাগ মূলত একজন বোলার!আমার বিশ্বাস, এখন থেকে দেশের মাটিতে বাংলাদেশ দল এ রকমই খেলবে। কেউই আর সহজে জেতার আশা নিয়ে আসবে না এই দেশে। পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস মনের মধ্যে স্থায়ী হয়ে বসে যাওয়া উচিত। কেউ হয়তো বলবেন, ঘরের মাঠেই বাঘ আমরা। কিন্তু এটাও তো ঠিক, এর আগে ঘরের মাঠেও এতটা ধারাবাহিক কখনো হয়ে উঠতে পারেনি বাংলাদেশ দল। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।তবে যত দিন না আমরা বিদেশে গিয়ে আরও বেশি বেশি ম্যাচ খেলব, দেশের বাইরে খেলার চ্যালেঞ্জটা রয়েই যাবে। ভিন্ন কন্ডিশনে গিয়ে মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। থাকে প্রতিপক্ষ খেলোয়াড় আর দর্শকদের সামনে স্নায়ুচাপ সামলানোর চ্যালেঞ্জও। অন্যদিকে বাংলাদেশে খেললে দর্শকেরা বিরাট শক্তি হয় আমাদের জন্য। পৃথিবীর আর কোথাও এটা আমরা পাব না। মাঠে দর্শকদের উজাড় করা সমর্থন ভালো খেলার সবচেয়ে বড় অনুপ্রেরণা।ঊরুর মাংসপেশিতে টান পড়ায় পুরো সিরিজ খেলতে পারিনি। আসলে চতুর্থ ওয়ানডের দিন হঠাৎ আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়ে। ওকে হাসপাতালে ভর্তি করিয়ে মাঠে এসেছি খেলা শুরুর মাত্র ১৫ মিনিট আগে। ওয়ার্ম আপ করার সুযোগ পাইনি। কাল হয়েছে সেটাই। এমনিতেই শীতকাল, তার ওপর আমার পায়ে যত ইনজুরি, ওয়ার্ম আপ না করে মাঠা নামা মানে বিরাট ঝুঁকি নেওয়া। ভাগ্য ভালো, নতুন চোটটা আগের অস্ত্রোপচারের জায়গাগুলোতে নয়। ডাক্তার বলেছেন, মাংসপেশির টান সপ্তাহ দুয়েকের মধ্যে ঠিক হয়ে যাবে। আর আমি তো এখনই অনেকটা সুস্থতা বোধ করছি।