৪০ বছর অপেক্ষার পর...
ডেভিড শেফার্ডের মতো প্রাজ্ঞ ভাবমূর্তি ছিল না তাঁর। স্টিভ বাকনরের মতো বর্ণময়তা বা বিলি বাউডেনের মতো জনপ্রিয়তাও না। মাঠে ক্রিকেট তারকাদের ভিড়ে তিনি ছিলেন নিতান্ত সাধারণ একজন। সেই ‘সাধারণ’ মানুষটিই সবচেয়ে বেশি ওয়ানডে ও দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট পরিচালনার রেকর্ড নিয়ে মাঠ ছাড়লেন।দক্ষিণ আফ্রিকান রুডি কোয়ের্তজেন তাঁর আট বছরের ‘টেস্ট ক্যারিয়ার’ পরশু হেডিংলিতে শেষ করে ফেললেন। দীর্ঘদিনের হোটেল-বিমানবন্দর-মাঠের চক্কর থেকে মুক্তি পাওয়াতেই আনন্দ কোয়ের্তজেনের, ‘আমি অবসরের জন্য মুখিয়ে ছিলাম।’শেষ দিনটা অন্তত সহজ হবে বলে আশা করেছিলেন। তাও হতে দেয়নি অস্ট্রেলিয়ান ফিল্ডাররা। বারবার আবেদন করে পরীক্ষায় ফেলছিল তারা কোয়ের্তজেনকে। তিনি কি বিরক্ত? না, এই ‘পরীক্ষা’টাই তো মিস করবেন, ‘সকালবেলায় ভেবেছিলাম, দিনটা সহজ হবে। কিন্তু ওরা বোধহয় দেখতে চাইল, দেখি, বুড়ো লোকটা এত চাপ নিতে পারে কি না। এটাই ক্রিকেট।’১৯৯২ সালে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা-ভারত ওয়ানডে পরিচালনার ভেতর দিয়ে শুরু হয়েছিল কোয়ের্তজেনের ক্যারিয়ার। ওই বছরই ওই দুদলের বক্সিং ডে টেস্টে অভিষেক। রেকর্ড ২০৯টি ওয়ানডে পরিচালনা করেছেন। সঙ্গে ১০৮টি টেস্ট।দীর্ঘ এই ক্যারিয়ারে সাক্ষী হয়ে আছেন অনেক রথী-মহারথীর পারফরম্যান্সের। এত কিছুর মধ্যে মনে সবচেয়ে বেশি গেঁথে আছেন শেন ওয়ার্ন, ‘ওকে সামলাতে বুকের পাটা লাগত। প্রতি বলেই সে মনে করত, উইকেট পেয়েছে; আর ধারণাটা খুব বেশি ভুলও ছিল না!’শেন ওয়ার্ন ইতিহাস হয়ে গেছেন। এবার নিরিবিলি জীবন কাটাতে চললেন কোয়ের্তজেনও। কী করবেন এখন? মাছ ধরবেন, গলফ খেলবেন আর পরিবারকে সময় দেবেন, ‘বিয়ের ৪০ বছর পর আমি এখন পারিবারিক জীবন শুরু করব।’ ওয়েবসাইট।