৪০ বছর পূর্তিতে হকির আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় এক অনুষ্ঠান আয়োজন নিয়ে মেতেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ফেডারেশনের ৪০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান হবে আগামী ২ ফেব্রুয়ারি মওলানা ভাসানী স্টেডিয়ামে।সম্মাননা জানানো হবে খেলোয়াড়-কোচ, পৃষ্ঠপোষক, ক্লাবসহ বিভিন্ন বিভাগে। দেশের হকি ইতিহাসে বিশেষ অবদান রাখার জন্য খেলোয়াড় কোটায় সম্মাননার জন্য মনোনীত হয়েছেন খাজা ইউসুফ রেজা, আবদুস সাদেক, বশির আহমেদ, জুম্মন লুসাই ও জামাল হায়দার। কোচ হিসেবে সম্মাননা পাচ্ছেন প্রয়াত নুরুল ইসলাম (নান্না), আবদুস সালাম (প্রয়াত), প্রতাপ শংকর হাজরা, এহতেশাম সুলতান ও আবদুর রাজ্জাক (সোনা মিয়া)। এ ছাড়া ঢাকার সব বিভাগের সব ক্লাব, ফেডারেশনকে চার লাখ টাকার বেশি অনুদান দেওয়া পৃষ্ঠপোষকসহ হকির সঙ্গে যুক্ত আরও কিছু প্রতিষ্ঠানও সম্মাননা পাবে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর কথা, ‘২ ফেব্রুয়ারি আমরা ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে র‌্যালি বের করব। তারপর হকি স্টেডিয়ামে ডিসপ্লে আছে। সম্মাননা পাবেন ৮০-৯০ জন। স্বাধীনতার পর থেকে দেশের হকিতে অনেকেই অবদান রেখেছেন। তাঁদের স্বীকৃতি দিতেই এই আয়োজন।’আইএএইচএফ সভাপতি আসছেন কাল: আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি (আইএএইচএফ) লিয়ান্দ্রো নেগ্রে ঢাকা আসছেন আগামীকাল সকালে। কালই তিনি দেখা করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধানের সঙ্গে। পরদিন সকালে মওলানা ভাসানী স্টেডিয়ামে দিল্লিগামী জাতীয় দলের অনুশীলন ম্যাচ দেখবেন। ঢাকা ছাড়বেন ২ ফেব্রুয়ারি। এই সফরে আইএএইচএফ সভাপতির কাছে মওলানা ভাসানী স্টেডিয়ামের জন্য ফ্লাডলাইট অনুদান চাইবে বাংলাদেশ হকি ফেডারেশন।আসছেন খণ্ডকালীন কোচও: আন্তর্জাতিক হকি ফেডারেশন বাংলাদেশকে একজন অস্থায়ী কোচ দিয়েছে। মাইকেল কিনান নামের বেলজিয়ামের এই কোচ এক বছরে ছয়বার আসবেন। প্রতিবার থাকবেন ১০ দিন করে। প্রথমবার আসছেন আগামীকাল। দিল্লিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের আগে বাংলাদেশ দলের উপদেষ্টা কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মাইকেল।