৪০ রানের হার বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে শুরু করলেও ওয়ানডে সিরিজের শুরুতেই হোঁচট খেল স্বাগতিক বাংলাদেশ। ৪০ রানের জয় দিয়ে তিন ম্যাচের এই সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা। উইন্ডিজের ছুড়ে দেওয়া ২৯৯ রানের লক্ষ নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশি ইনিংস শেষ হয়েছে ২৫৮ রানে। ৫৮ বলে ৬৭ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।জয়ের জন্য ২৯৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৪৪ রান সংগ্রহ করে ভালো সূচনার ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও নাঈম ইসলাম। কিন্তু ১৩তম ওভারে তামিমকে সাজঘরে ফেরান দেবেন্দ্র বিশু। ২১ রান করে ফিরে যান এই বাঁ-হাতি ওপেনার। দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়ে বেশ ভালোই লড়াই চালাচ্ছিলেন ইমরুল কায়েস ও নাঈম। দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে নাঈম পূর্ণ করেছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। কিন্তু এরপর খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তিনি। ২৮তম ওভারে আন্দ্রে রাসেলকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন ডানজা হিয়াতের হাতে। পরের দুই ওভারে একে একে ফিরে যান মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েস। পঞ্চম উইকেটে ঝোড়ো ব্যাটিং করে ৩৪ রান যোগ করেছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। কিন্তু দলীয় ১৬৬ রানের মাথায় স্যামুয়েলসের শিকারে পরিণত হন মুশফিকুর। ষষ্ঠ উইকেটে অলক কাপালিকে সঙ্গে নিয়ে ৫৫ রানের জুটি গড়েছিলেন সাকিব। কিন্তু ২১৯ রানের মাথায় রাজ্জাকও ফিরে গেলে হার প্রায় নিশ্চিতই হয়ে যায় বাংলাদেশের। শেষ পর্যন্ত লড়াই চালিয়েও হার এড়াতে পারেননি সাকিব।এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশি অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু এই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে বল হাতে শুরুটা ভালোভাবে করতে পারেননি বাংলাদেশি বোলাররা। ১৫তম ওভারে আদ্রিয়ান বারাথ আহত হয়ে সাজঘরে ফেরার পর ১৫০ রানের অসাধারণ জুটি গড়ে তোলেন সিমন্স ও স্যামুয়েলস। ৪২তম ওভারে এই জুটি ভাঙেন রুবেল। এক ওভারেই সাজঘরে ফেরান সিমন্স ও স্যামুয়েলসকে। তবে তার আগে উইন্ডিজকে বড় সংগ্রহের ভিত্তি বেশ ভালোভাবেই গড়ে দিয়ে যান এই দুই উইন্ডিজ ব্যাটসম্যান। সিমন্স খেলেছেন ১২২ রানের অসাধারণ ইনিংস। স্যামুয়েলসের ব্যাট থেকে এসেছে ৭১ রান। শেষ পর্যায়ে কাইরন পোলার্ডের ২৫ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংসটির সুবাদে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় ২৯৮ রান।