৪০০ ছুঁয়ে ইউসেবিওকে শ্রদ্ধা

লিসবনের স্টেডিয়াম অব লাইটসে যখন ইউসেবিওর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ভিড়, ক্রিস্টিয়ানো রোনালদো তখন প্রায় ৬০০ কিলোমিটার দূরে, মাদ্রিদে। পরের দিন সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ, স্বদেশি কিংবদন্তির শেষকৃত্য অনুষ্ঠানে তাই থাকতে পারেননি।
পরশু রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সেই ম্যাচ শুরুর আগে ইউসেবিওর স্মরণে নীরবতা। টেলিভিশনের ক্যামেরা কিছুক্ষণ ধরা থাকল বাকি সবার সঙ্গে নতমুখে দাঁড়ানো রোনালদোর ওপরও।
এটুকুই? সব সময় যাঁর স্নেহধন্য ছিলেন সেই ইউসেবিওর মৃত্যুতে কয়েক লাইনের টুইট, দায়সারা বিবৃতি, আর সবার সঙ্গে নীরবে দাঁড়িয়ে—এতেই কী রোনালদোর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়ে গেল?
জবাবটা মিলল আরও দেড় ঘণ্টা পর। সেল্টা ভিগোর বিপক্ষে ততক্ষণে ৩-০ গোলে জয় তুলে নিয়েছে রিয়াল। শেষ দুটি গোলই রোনালদোর। তারপর তাঁর বিনম্র শ্রদ্ধা নিবেদন, ‘তিনি (ইউসেবিও) আমার খুব কাছের একজন ছিলেন। আমার আজকের এই দুটি গোল তাঁকেই উত্সর্গ করছি। জাতীয় দলে তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমাদের সবার জন্য উদাহরণ ছিলেন। খুব দুঃখজনক যে আমরা সর্বকালের সেরা একজন খেলোয়াড়কে হারালাম।’
শুধু এটুকু নয়, আন্তরিক ধন্যবাদ দিলেন স্পেনের ফুটবলপ্রেমীদেরও, ‘ইউসেবিওকে সবাই যেভাবে শ্রদ্ধা জানিয়েছেন, বিশেষ করে স্পেনের লোকজন, আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই। পর্তুগিজ হিসেবে আমাদের কাছে এই আন্তরিকতার মূল্য অনেক।’
কিংবদন্তিকে উত্সর্গ করা এই গোল দুটি দিয়েই ক্যারিয়ারে ক্লাব ও দেশের হয়ে ৪০০তম গোলের মাইলফলকও স্পর্শ করলেন রোনালদো। ২২১ ম্যাচে ২৩০ গোল, হুগো সানচেজকে পেরিয়ে হয়েছেন রিয়ালের ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ গোলদাতা। তবে রোনালদো খুশি আরও একটা কারণে। মাঝে লা লিগায় সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে তাঁকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন ১৯ গোল করা অ্যাটলেটিকো স্ট্রাইকার ডিয়েগো কস্তা। পরশুর জোড়া গোলের পর ২০ গোল নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন রিয়াল উইঙ্গার। ৬৯ গোল করে গত বছরটা শেষ করেছিলেন, এ বছরের প্রথম ম্যাচেই দুই গোল। নতুন বছরের শুরুতে আত্মবিশ্বাস চাঙা করে নেওয়ার জন্য এর চেয়ে বেশি আর কী চাইতে পারতেন রোনালদো!
এই আত্মবিশ্বাসই হয়তো রোনালদোর মত পরিবর্তনেও ভূমিকা রেখেছে। মাস দুয়েক আগে তাঁর সম্পর্কে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের করা কটূক্তির কারণে গুঞ্জন ছড়িয়েছিল, হয়তো ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাবেন না রোনালদো। তবে পরশু সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রোনালদো নিজেই, ‘হ্যাঁ, আমি ওই অনুষ্ঠানে যাব। জানি না পুরস্কারটা আমিই জিতব, নাকি রিবেরি বা মেসি। আমি জিতলে তো ভালোই। যদি না জিততে পারি তাহলেও এখন যেভাবে রিয়াল মাদ্রিদকে সাহায্য করে যাচ্ছি, সেটিই করে যাব।’ এএফপি।
১ থেকে ৪০০
১
স্পোর্টিং লিসবন-মরেইরেনসে
৭ অক্টোবর ২০০২
১০০
ইউনাইটেড-টটেনহাম
২৭ জানুয়ারি ২০০৮
২০০
রিয়াল মাদ্রিদ-ভ্যালেন্সিয়া
৪ ডিসেম্বর ২০১০
৩০০
রিয়াল মাদ্রিদ-গ্রানাদা
৫ মে ২০১২
৪০০
রিয়াল মাদ্রিদ-গেটাফে
৬ জানুয়ারি ২০১৪