৪০০ মিটার রিলের ফাইনালে ইংল্যান্ড
৪০০ মিটার রিলে দৌড়ের ফাইনালে পৌঁছে গেছে ইংল্যান্ড। আজ স্বাগতিকের অ্যাথলেটরা যে পারফরম্যান্স দেখিয়েছেন, সেটাকেই বিবেচনা করা হচ্ছে এবারের মৌসুমেরই সেরা পারফরম্যান্স হিসেবে। ৩ মিনিট শূন্য দশমিক ৩৮ সেকেন্ডে দৌড় শেষ করেছেন চার ব্রিটিশ অ্যাথলেট নিজেল লেভাইন, কোনরাড উইলিয়ামস, জ্যাক গ্রিন ও মারটিন রুনি।তবে মূল পর্বের প্রতিযোগিতায় যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা বোঝা গেছে বেশ ভালোমতোই। ইংল্যান্ডের সঙ্গে একই সময়ে দৌড় শেষ করেছে ত্রিনিদাদ ও টোবাগো। প্রথম দুটি ল্যাপে কিছুটা পিছিয়ে পড়ার পর তৃতীয় ল্যাপে ইংল্যান্ডকে বেশ খানিকটা এগিয়ে দিয়েছিলেন জ্যাক গ্রিন। তবে দলীয়ভাবে ভালো পারফরম্যান্স দেখালেও ৪০০ মিটারের একক ইভেন্টের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছেন এই ব্রিটিশ অ্যাথলেট। ইংল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে ফাইনালের টিকিট পেয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, কিউবা, বেলজিয়াম, ভেনেজুয়েলা ও বাহামা।— রয়টার্স